Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

থানাগুলির মধ্যে তথ্য আদানপ্রদানে নয়া পোর্টাল রাজ্যে

থানাগুলির নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদানের জন্য ‘লোকাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ (এলআইএমএস) নামক নতুন পোর্টাল আনছে রাজ্য পুলিস।

থানাগুলির মধ্যে তথ্য আদানপ্রদানে নয়া পোর্টাল রাজ্যে
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: থানাগুলির নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদানের জন্য ‘লোকাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ (এলআইএমএস) নামক নতুন পোর্টাল আনছে রাজ্য পুলিস। কোনও মামলার তথ্য বা তদন্তের স্বার্থে কারও ঠিকানা প্রয়োজন হলে সবটাই মিলবে এই পোর্টালের মাধ্যমে। এর ফলে মামলার তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করা যাবে বলে মনে করছেন পুলিসকর্তারা। এই পোর্টালের সঙ্গে পুলিসকর্তাদের সরগড় করে তুলতে শুরু হয়েছে প্রশিক্ষণ।

Advertisement

কীভাবে কাজ করবে এই পোর্টাল? উদাহরণ দিয়ে এক পুলিসকর্তা বলেন, ‘ধরা যাক, বারুইপুর পুলিস জেলার কোনও থানায় একটি অভিযোগ হয়েছে। সেই মামলার অভিযুক্ত চন্দননগর কমিশনারেটের অধীন কোনও থানা এলাকায় থাকে বা গা-ঢাকা দিয়ে রয়েছে। সেক্ষেত্রে মামলা দায়ের যে  থানায় হয়েছে, সেখানকার পুলিস আধিকারিক মামলা সংক্রান্ত যেসব তথ্য প্রয়োজন, তা লিখে এই পোর্টালে আপলোড করে দেবেন। যে থানা এলাকার তথ্য তাঁর প্রয়োজন, সেই থানাকে ট্যাগ করে দিলে সেখানকার আইসি সেটা দেখতে পারবেন এবং তিনি সেই তথ্য সংগ্রহ করে আবার একই কায়দায় পোর্টালে আপলোড দিয়ে ট্যাগ করে দেবেন সংশ্লিষ্ট থানাকে।
মূলত এভাবেই তথ্য আদান-প্রদানের কাজ হবে।’ তিনি আরও জানান, এতদিন থানাগুলি ফোল বা ই-মেল করে এসব তথ্য সংগ্রহ করত। এতে সময় লাগতো বেশ কিছুটা। এই পোর্টালের আরও একটি সুবিধা হল, কোনও একটি থানা রাজ্যের সব থানাকে ওই পোর্টালে ট্যাগ করতে পারবে। যাদের ট্যাগ করা হবে, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর দেওয়া বাধ্যতামূলক। এতে থানাগুলির মধ্যে সমন্বয়ের অভাবের সমস্যা মিটবে বলেই আশাবাদী রাজ্য পুলিসের পদস্থ কর্তারা।  

Advertisement
সম্পর্কিত সংবাদ