


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশে হোমিওপ্যাথির শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল কমিশন ফর হোমিওপ্যাথির (এনসিএইচ) চেয়ারপার্সন পদে নিযুক্ত হলেন তারকেশ্বর সিং। চার বছরের জন্য এই পদে নিযুক্ত হলেন তিনি। এতদিন তিনি এনসিএইচ-এর হোমিওপ্যাথি এডুকেশন বোর্ডের সভাপতি ছিলেন। তাঁর স্থলাভিষিক্ত হয়ে এই বোর্ডের নতুন সভাপতি হলেন এক সিনিয়র বাঙালি হোমিওপ্যাথিক শিক্ষক চিকিৎসক—অধ্যাপক ডাঃ রজত চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি স্বাস্থ্যদপ্তরের ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে কর্মরত। প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে সেন্ট্রাল কাউন্সিল অব হোমিওপ্যাথির বিলোপের পর কেন্দ্রীয় সরকার এনসিএইচ গঠন করে পরিচালনার ভার একটি গভর্নিং বডির হাতে দেয়। পুরোদস্তুর কমিশন তৈরি হয় ২০২০ সাল নাগাদ। গোটা পর্বেই কমিশনের শীর্ষস্থানীয় দায়িত্বে কোনও বাঙালি ছিলেন না। সেদিক থেকে বলতে গেলে দীর্ঘদিন বাদে কমিশনের নীতি নির্ধারকদের মধ্যে জায়গা করে নিলেন বাংলার কোনও হোমিওপ্যাথিক শিক্ষক চিকিৎসক। তাঁর মনোনয়নকে স্বাগত জানিয়েছেন দেশের হোমিওপ্যাথিক চিকিৎসকদের সর্বোচ্চ সংগঠন হোমাই-এর সর্বভারতীয় সভাপতি ডাঃ শ্যামল মুখোপাধ্যায়।