নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সমুদ্রের গভীরতা মাপতে এবার গঙ্গাসাগরে বিশেষ যন্ত্র আনল এনডিআরএফ। অগভীর সমুদ্রে যদি কোনও দুর্ঘটনা ঘটে, সেখানে জলের গভীরতা কতটা আছে, তা আগে ওই যন্ত্রের মাধ্যমে মেপে নিয়ে উদ্ধারকাজ শুরু হবে। যন্ত্রটির নাম ‘রিমোট অপারেটেড ভেহিকল’। তারের সাহায্যে যন্ত্রকে জলে নামিয়ে দেওয়া হয়। গভীরতার মাপ রিমোটের স্ক্রিনে ফুটে ওঠে। এই যন্ত্র ক’দিন আগেই কাকদ্বীপ লট এইটে মুড়িগঙ্গা নদীতে ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের আধিকারিকরা। সেখানে একটি ভেসেল আটকে গিয়েছিল। তবে কোনও চর ছিল না। তারপর ওই যন্ত্র নামিয়ে গভীরতা মেপে নেওয়া হয়। এরপর ডুবুরি নামিয়ে দেখা হয় কী হয়েছে। এনডিআরফ জানায়, মাছের জাল আটকে গিয়েছিল প্রপেলারে। সেটা ছাড়িয়ে দেওয়া হলে ফের চলতে শুরু করে ভেসেলটি। এদিকে, মেলা উপলক্ষ্যে বাড়তি ভিড় হতে পারে ধরে নিয়ে এবার দু’টি বিপর্যয় মোকাবিলা দলকে (৭০ জন) রাখা হয়েছে। অন্যান্যবার থাকে একটি। এছাড়াও ১৮ জন মহিলা আধিকারিককে নিযুক্ত করা হয়েছে। আগে ১০ জনকে রাখা হত।



