


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যজুড়ে ১৩ হাজার ৪২১ পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের পথে আরও এক ধাপ এগোল সরকার। বুধবার এই ইস্যুটি মন্ত্রিসভায় নথিভুক্ত হয়। যদিও মন্ত্রিসভার প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী আগেই বিষয়টিতে ছাড়পত্র দিয়েছেন। ১৯ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে শূন্যপদের সংখ্যা এবং পোর্টাল খোলার কথা জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিন মন্ত্রিসভার সায় মিলতেই ইন্টারভিউয়ের দিনক্ষণও ঘোষণা হয়ে গেল। ৩০ এবং ৩১ ডিসেম্বর ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষকদের ইন্টারভিউ নিতে চলেছে পর্ষদ। চাকরিপ্রার্থীদের তরফে বিদেশ গাজী দাবি রেখেছেন, নির্বাচনের আগেই গোটা প্রক্রিয়া শেষ করা হোক। কারণ দীর্ঘদিন ধরে তাঁরা নিয়োগের অপেক্ষায় রয়েছেন।
এই নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। মোট ১৩২৪ জন শিক্ষক নিয়োগ হবে এই জেলায়। এছাড়াও হুগলি (১,০৯০টি), বাঁকুড়া (৮৮০টি), কলকাতা (৮৫২টি), পূর্ব বর্ধমান (৮৩৬টি), উত্তর ২৪ পরগনা (৮১৬টি) এবং বীরভূমের (৭৭৪টি) মতো জেলায় ভালো সংখ্যক শূন্যপদ রয়েছে। রাজ্যজুড়ে আবেদন জমা পড়েছে প্রায় ৬০ হাজার। পর্ষদের তরফে বলা হয়েছে, ইন্টারভিউয়ে যোগ দিতে কল লেটার ডাউনলোড করতে হবে তাদের পোর্টাল থেকে। সঙ্গে রাখতে হবে টেট উত্তীর্ণ হওয়ার শংসাপত্র। এছাড়া মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিএলএড কোর্স উত্তীর্ণ হওয়ার মার্কশিট, সার্টিফিকেট, কাস্ট ক্যাটিগরির সার্টিফিকেট এবং সেগুলির প্রতিলিপি আনতে হবে। যদিও প্রাথমিকে শূন্যপদ বাড়িয়ে অন্তত ৫০ হাজার করার দাবি তোলা হয়েছে টেট উত্তীর্ণ প্রার্থীদের তরফে।
অন্যদিকে, ২৪ ডিসেম্বর, বুধবার এসএসসি একাদশ-দ্বাদশ স্তরের কিছু শিক্ষক পদপ্রার্থীকে ইন্টারভিউয়ে ডেকেছিল। কিন্তু পোর্টাল বিভ্রাটে ওই প্রার্থীরা ইন্টারভিউয়ের ইন্টিমেশন লেটারই ডাউনলোড করতে পারেননি। এই অবস্থায় এসএসসি জানিয়েছে, বুধবার থেকেই পোর্টাল ঠিক হয়ে গিয়েছে। লেটার ডাউনলোড করতে কোনও সমস্যা হচ্ছে না। তাই প্রার্থীরা ২৬ ডিসেম্বর ইন্টারভিউয়ে যোগ দিতে পারবেন। প্রসঙ্গত, একাদশ-দ্বাদশের মেধা তালিকা প্রকাশের লক্ষ্যমাত্রা ৭ জানুয়ারি ধরে এগোচ্ছে এসএসসি। এর পরেই শুরু হবে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। এখানে শূন্যপদের সংখ্যা ২৩ হাজার ২১২। ৩০ আগস্টের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করার জন্য সুপ্রিম কোর্টের তরফে বর্ধিত সময় পেয়েছে রাজ্য। এছাড়াও প্রায় সাড়ে আট হাজার শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া চালিয়ে যাবে এসএসসি।
অন্য বেশ কয়েকটি বিভাগেও নিয়োগ সংক্রান্ত বিষয়গুলি ছাড়পত্র পেয়েছে এদিনের মন্ত্রিসভার বৈঠকে। বিভিন্ন প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত ক্রীড়াবিদদের চাকরি দেওয়ার জন্য ১৭টি পুলিশ কনস্টেবলের পদ তৈরির সিদ্ধান্ত হয়েছে। হাওড়ার বেলুড়ে যোগ ও ন্যাচরোপ্যাথি হাসপাতাল ‘যোগশ্রী’-তে ১০টি অতিরিক্ত পদ সৃষ্টি হচ্ছে। বিধাননগর পুরসভায় ১৭টি শূন্যপদে মেয়রের পিএ, ইঞ্জিনিয়ার, সুপারভাইজার নিয়োগ করা হবে। বর্ধমান ও হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটিতে একজন করে ল অফিসার, এমএলএ হস্টেলে একজন ডেপুটি সিকিওরিটি অফিসার নিয়োগ করবে রাজ্য। স্বরাষ্ট্র দপ্তরেও চারটি পদে চুক্তির ভিত্তিতে চারজন আইনি উপদেষ্টা নিয়োগ করা হবে।