Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি করের শিশু বিভাগের চিকিৎসকের মৃত্যুতে রহস্য

মধ্যমগ্রামের এক আবাসনে আর জি কর হাসপাতালের এক শিশুরোগ বিশেষজ্ঞের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে রহস্য।

আর জি করের শিশু বিভাগের চিকিৎসকের মৃত্যুতে রহস্য
  • ২৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: মধ্যমগ্রামের এক আবাসনে আর জি কর হাসপাতালের এক শিশুরোগ বিশেষজ্ঞের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে রহস্য। পুলিশ জানিয়েছে, মৃত চিকিৎসকের নাম শুভজিৎ আচার্য (৩৬)। বাড়ি বসিরহাট শহরের কালীবাড়ি এলাকায়। কর্মসূত্রে তিনি মধ্যমগ্রামের একটি আবাসনে ভাড়া থাকতেন। তাঁর স্ত্রী ঐন্দ্রিলা রায় একজন দন্ত চিকিৎসক। তিনি বসিরহাট হাসপাতালে কর্মরতা হলেও থাকেন মধ্যমগ্রামেই। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন, পরিবার বা কর্মক্ষেত্র কেন্দ্রিক কোনও সমস্যা না থাকলেও গত কয়েকমাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন শুভজিৎবাবু। অ্যান্টি ডিপ্রেশন বা অবসাদ কমানোর ওষুধও খাচ্ছিলেন। রবিবার রাতে তিনি চল্লিশ থেকে পঞ্চাশটি অ্যান্টি কোলেস্টেরল ড্রাগ বা হৃদরোগ ঠেকানোর ওষুধ খান। এরপরেই অবস্থার অবনতি হতে শুরু করে। বারাসতের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পুলিশের প্রাথমিক অনুমান, ওষুধের অধিক মাত্রার কারণে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে চিকিৎসকের। তাছাড়া, কেন তিনি অবসাদ কমানোর ওষুধ খাচ্ছিলেন, তা নিয়েও রহস্য ঘনিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস বলেন, ‘ময়নাতন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে না।’ আর জি কর মেডিকেল কলেজ থেকেই এমবিবিএস এবং পেডিয়াট্রিক্সে এমডি সম্পূর্ণ করেন তিনি। চিকিৎসক হিসেবে তাঁর যথেষ্ট সুখ্যাতিও রয়েছে। আর জি করের এসএনসিইউ’র ইনচার্জ ডাঃ দীপাঞ্জন হালদার বলেন, ‘খুবই দক্ষ শিশুরোগ বিশেষজ্ঞ ছিলেন। গোটা বিভাগ শোকস্তব্ধ।’ মৃত চিকিৎসকের বাবা শ্যামলকুমার আচার্য বলেন, ‘বউমা ও ছেলে মধ্যমগ্রামে থাকত। বুঝতে পারছি না এরকম ঘটনা কেন ঘটল।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ