


নিজস্ব প্রতিনিধি, বারাসত: জেলা সদর বারাসত শহরে ব্যস্ততা বরাবরই বেশি। প্রশাসনিক দপ্তর, আদালত, হাসপাতাল– সব মিলিয়ে রোজ হাজার হাজার মানুষের যাতায়াত থাকে। এই শহরকে আরও নিরাপদ ও পরিচ্ছন্ন রাখতে পদক্ষেপ করছে বারাসত পুরসভা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে মোট ৬৪টি সিসি ক্যামেরা। জানা গিয়েছে, ডাকবাংলো, হেলাবটতলা, ন’পাড়া, কাজিপাড়া, টালিখোলা, পূর্ব বারাসত সহ গুরুত্বপূর্ণ জায়গায় এই ক্যামেরাগুলি বসানো হবে। আগে এইসব এলাকায় নজরদারি বৃদ্ধির দাবি উঠছিল। সেই দাবির বাস্তবায়ন হতে চলেছে।
শুধু নিরাপত্তা নয়, শহরের পরিচ্ছন্নতা রক্ষাতেও বড় ভূমিকা নেবে ক্যামেরাগুলি– এমনটাই মনে করছে পুরসভা। দীর্ঘদিন ধরেই যত্রতত্র আবর্জনা ফেলার প্রবণতা নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে প্রশাসনকে। নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার ব্যবস্থা থাকা সত্ত্বেও অনেকেই রাতের অন্ধকারে কিংবা সুযোগ বুঝে রাস্তার ধারে, খোলা জায়গায় আবর্জনা ফেলে চলে যান। এতে শুধু পরিবেশ নোংরা হয় না, দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকিও বাড়ে। তাই এইসব ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়াতে চলেছে পুরসভা ও বারাসত থানা।
পুরসভার চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় বলেন, অনেক সময়ই দেখা যায় কেউ গাড়ি থামিয়ে বা হেঁটে এসে রাস্তার পাশে ময়লা ফেলে চলে যাচ্ছেন। এখন সেই ছবি ধরা পড়বে ক্যামেরায়। প্রয়োজনে ব্যবস্থা নেওয়াও সম্ভব হবে। নজরদারি বাড়লে মানুষের মধ্যেও সচেতনতা তৈরি হবে। অন্যদিকে বারাসত থানার আইসি অভিজিৎ দাস বলেন, এর ফলে মানুষের সুরক্ষার বিষয়টিও নিশ্চিত হবে। সেই লক্ষ্যে শহরের সীমান্তবর্তী ও গুরুত্বপূর্ণ জায়গায় ক্যামেরা বসাচ্ছে পুরসভা। নজরদারি থানা থেকে চালানো হচ্ছে। স্থানীয়দের একাংশও এই উদ্যোগকে ইতিবাচক বলেই মনে করছেন।