Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ মুখোমুখি মুম্বই-লখনউ, ফর্মে চোখ রোহিত ও ঋষভের

আইপিএলের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচবারের চ্যাম্পিয়নরা এখনও ছন্দ খুঁজেই চলেছে।

আজ মুখোমুখি মুম্বই-লখনউ, ফর্মে চোখ রোহিত ও ঋষভের
  • ৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লখনউ: আইপিএলের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচবারের চ্যাম্পিয়নরা এখনও ছন্দ খুঁজেই চলেছে। একধাপ নীচে, ষষ্ঠ স্থানে লখনউ সুপার জায়ান্টস। বিবর্ণ দেখাচ্ছে তাদেরও। তিন ম্যাচে দু’টি দলই জয়ের মুখ দেখেছে একবার। এই পরিস্থিতিতে শুক্রবার একানা স্টেডিয়ামে মুখোমুখি মুম্বই এবং লখনউ। 

Advertisement

পঞ্চম বনাম ষষ্ঠ ছাড়াও এই ম্যাচের অন্য তাৎপর্য রয়েছে। ফর্মে না থাকা দুই ক্রিকেটার, মুম্বইয়ের রোহিত শর্মা ও লখনউয়ের ঋষভ পন্থের দিকে থাকছে ফোকাস। তিন ইনিংসে ২১ রান করেছেন রোহিত। ক্রমাগত ব্যর্থ হওয়ায় হিটম্যানের উপর চাপ ক্রমশ বাড়ছে। তিন ইনিংসে পন্থের সংগ্রহ অবশ্য আরও কম, ১৭। নিলামে ২৭ কোটি টাকায় পন্থকে নিয়েছিল লখনউ। কিন্তু তার মর্যাদা দিতে এখনও পর্যন্ত ব্যর্থ এলএসজি ক্যাপ্টেন। যেভাবে আউট হচ্ছেন, তাতে ফিসফাস শুরু হয়েছে।
একানা স্টেডিয়ামের বাইশ গজ নিয়েও চলছে বিতর্ক। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে পরাজয়ের পর লখনউয়ের মেন্টর জাহির খান অভিযোগ তুলেছেন কিউরেটরের দিকে। ঘরের মাঠে খেলার সুবিধা পাননি, বলেছেন তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে পিচ কেমন দাঁড়ায়, তা নিয়ে সেজন্যই আগ্রহ বাড়ছে। মুম্বই অবশ্য সদ্য কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে। যশপ্রীত বুমরাহ চোট সারিয়ে উঠতে না পারলেও নাইটদের বিরুদ্ধে জ্বলে উঠেছেন ২৩ বছর বয়সি বাঁ-হাতি পেসার অশ্বিনী কুমার। তাঁকে এই মেজাজেই দেখতে চাইছে হার্দিক পান্ডিয়ার দল। প্রোটিয়া ওপেনার রায়ান রিকলটনও তাদের বড় ভরসা। সূর্যকুমার যাদব, তিলক ভার্মার এবং হার্দিকের উপরও প্রত্যাশা থাকছে।
লখনউয়ের ব্যাটিং আবার নিকোলাস পুরানের উপর নির্ভরশীল। তিন ম্যাচে ১৮৯ রান করেছেন ক্যারিবিয়ান। পুরানের মতো দুটো হাফ-সেঞ্চুরি হয়ে গিয়েছে মিচেল মার্শেরও। আইডেন মার্করাম অবশ্য রানের মধ্যে নেই। তবে ডেভিড মিলার, আব্দুল সামাদ, আয়ুশ বাদোনিরা ঝড় তোলার ক্ষমতা ধরেন। আর পন্থ তো আছেনই।

সম্পর্কিত সংবাদ