Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আইনজীবীদের নথিভুক্তি ফর্ম ও পরিচয়পত্রে থাকবে মায়ের নামও, নির্দেশ হাইকোর্টের

এবার আইনজীবী হিসেবে নথিভুক্তি ফর্ম এবং তাঁদের পরিচয়পত্রে অভিভাবক হিসেবে মায়ের নামও উল্লেখ করতে হবে। সম্প্রতি এক জনস্বার্থ মামলায় এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

আইনজীবীদের নথিভুক্তি ফর্ম ও পরিচয়পত্রে থাকবে মায়ের নামও, নির্দেশ হাইকোর্টের
  • ২৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার আইনজীবী হিসেবে নথিভুক্তি ফর্ম এবং তাঁদের পরিচয়পত্রে অভিভাবক হিসেবে মায়ের নামও উল্লেখ করতে হবে। সম্প্রতি এক জনস্বার্থ মামলায় এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 

Advertisement

আইন পাশ করার পর আইনজীবী হিসেবে নথিভুক্তিকরণ বা এনরোলমেন্ট ফর্ম দিয়ে থাকে রাজ্য বার কাউন্সিল। বর্তমান নিয়ম অনুযায়ী, ওই এনরোলমেন্ট ফর্মে শুধু মাত্র ‘বাবা’ বা ‘স্বামী’-র নাম উল্লেখ করা যায়। ফর্মে মায়ের নাম উল্লেখের কোনও সুযোগ নেই। এই বিষয়টিকে চ্যালেঞ্জ করে ২০২২ সালে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মৃণালিনী মজুমদার। সম্প্রতি বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। আইনজীবীদের এনরোলমেন্ট সংক্রান্ত ফর্মে কেন অভিভাবক হিসেবে মায়ের নাম লেখার সুযোগ থাকবে না, তা নিয়ে প্রশ্ন তোলেন মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজি। রাজ্য বার কাউন্সিলের তরফে আইনজীবী প্রসূনকুমার দত্ত জানান, এটা ঠিক যে, এনরোলমেন্ট ফর্মে শুধুমাত্র ‘বাবা’ বা ‘স্বামী’-র নাম উল্লেখের সুযোগ রয়েছে। কিন্তু কেউ যদি সেখানে মায়ের নাম উল্লেখ করেন, সেক্ষেত্রে তাঁর ফর্ম বাতিল হবে না।
রাজ্য বার কাউন্সিলের তরফে এই বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ নির্দেশে জানায়, রাজ্য বার কাউন্সিলের তরফে আপাতত এই সুযোগ দেওয়া হচ্ছে ঠিকই। কিন্তু পরবর্তীকালে পাকাপাকিভাবে বিষয়টি চালু করতে কাউন্সিলকে পদক্ষেপ করতে হবে। অর্থাৎ আইনজীবী হিসেবে এনরোলমেন্ট ফর্মে পাকাপাকিভাবে মায়ের নাম উল্লেখ করার জায়গা নির্ধারিত করতে হবে। পরবর্তীতে আইনজীবীদের পরিচয়পত্রেও যাতে তাঁর উল্লেখ থাকে, তা নিশ্চিত করতে হবে। এছাড়াও কোনও অনাথ ব্যক্তির ক্ষেত্রে ফর্মের ওই অংশ কীভাবে নির্ধারিত হবে, তা নিয়েও রাজ্য বার কাউন্সিলকে সিদ্ধান্ত নিতে বলেছে ডিভিশন বেঞ্চ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ