Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দক্ষিণবঙ্গে বর্ষা অনিশ্চিত, বৃষ্টি বাড়বে বুধবার

২৯ মে। স্বাভাবিকের প্রায় ৭ দিন আগে বর্ষা ঢুকে গিয়েছে উত্তরবঙ্গের বেশিরভাগ অংশে। কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা এখনও অনিশ্চিত।

দক্ষিণবঙ্গে বর্ষা অনিশ্চিত, বৃষ্টি বাড়বে বুধবার
  • ৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৯ মে। স্বাভাবিকের প্রায় ৭ দিন আগে বর্ষা ঢুকে গিয়েছে উত্তরবঙ্গের বেশিরভাগ অংশে। কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা এখনও অনিশ্চিত। নির্ধারিত দিন অর্থাৎ ১০ জুন যে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করছে না, তা নিয়ে মোটামুটি নিশ্চিত আবহবিদরা। ফলে অস্বস্তিকর গরম বাড়বে। একইসঙ্গে পূর্বাভাস দেওয়া হয়েছে, ১১ জুন, বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি বাড়তে পারে। কিন্ত বর্ষা এসে যাওয়ার কারণে সেটা হবে কি না, তা পরিষ্কার করে বলা হয়নি।

Advertisement

তাহলে বর্ষা কবে? আবহবিদরা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বর্তমানে গোটা দেশের কোথাওই সক্রিয় নয়। ২৯ মে-র পর থেকে তা একই জায়গায় থমকে আছে। পশ্চিমবঙ্গ উপকূল থেকে কিছুটা দূরে স্যান্ডহেড পর্যন্ত বর্ষা এসেছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের দীর্ঘকালীন পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে কিছুদিনের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা। তার গতিপ্রকৃতির উপরেই নির্ভর করছে বর্ষার আগমন। কিন্তু সেই নিম্নচাপ কবে হবে এবং তার গতিপ্রকৃতি কী হবে, সেব্যাপারে বিভিন্ন মডেলের মধ্যে কিছুটা মত পার্থক্য আছে। মোটামুটি পূর্বাভাস, ১০ থেকে ১৭ জুনের মধ্যে ওই সিস্টেম তৈরি হতে পারে। সেটি কিছুটা শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের দিকেও আসতে পারে। 
কিছুদিন ধরে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে হিমালয় সংলগ্ন এলাকায় অতিবৃষ্টির জেরে কিছুটা দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার অবস্থানের জেরে ওই অতিবৃষ্টি। তবে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। উত্তরবঙ্গেও এখন বৃষ্টি কমবে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আপাতত রাজ্য জুড়েই বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধির জন্য অস্বস্তিকর গুমোট গরম চলবে। 
শুক্রবার দুপুর থেকে রাতের মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকা এবং কয়েকটি জেলায় প্রচুর বৃষ্টি হয়। সঙ্গে ঘনঘন বাজ। কলকাতায় বৃষ্টি হয় সন্ধ্যার পর। রাত পর্যন্ত তা চলে। শনিবার সকাল সাড়ে ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে পর্যন্ত আলিপুরে ৪০.৫ মিমি, দমদমে ২০ মিমি ও সল্টলেকে ৩৪.৪ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। মেদিনীপুরে ৩৪.৪ মিমি বৃষ্টি হয়। আবহাওয়াবিদরা বলছেন, গত কয়েকদিন ধরে বেশি মাত্রায় জলীয় বাষ্প ঢুকেছিল দক্ষিণবঙ্গেও। তাপমাত্রা বেড়ে ওই জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার কারণে কলকাতা ও সংলগ্ন জায়গায় বড় এলাকা জুড়ে শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়েছিল।  তার জেরেই এই ভারী বৃষ্টি। এই পরিস্থিতিতে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ তৈরি হয়ে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভ্যাপসা গরমে সেদিকেই চাতক পাখির মতো অপেক্ষায় দক্ষিণবঙ্গে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ