Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

কোনোমতে বেঁচে আছেন মোজতবা, দাবি ট্রাম্পের

জল্পনা ছড়িয়েছিল আমেরিকা ও ইজরায়েলের দাবি ঘিরে। বলা হচ্ছিল, হামলায় ইরানের সর্বোচ্চ নেতা তথা নিহত আয়াতোল্লা খামেনেইয়ের ছেলে মোজতবার মৃত্যু হয়েছে।

কোনোমতে বেঁচে আছেন মোজতবা, দাবি ট্রাম্পের
  • ১৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: জল্পনা ছড়িয়েছিল আমেরিকা ও ইজরায়েলের দাবি ঘিরে। বলা হচ্ছিল, হামলায় ইরানের সর্বোচ্চ নেতা তথা নিহত আয়াতোল্লা খামেনেইয়ের ছেলে মোজতবার মৃত্যু হয়েছে। সেই দাবি খারিজ করে দেয় তেহরান। ইরানের নতুন সুপ্রিম লিডারের শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনার মধ্যেই এবার মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, জখম হলেও কোনোমতে জীবিত রয়েছেন মোজতবা খামেনেই। বাবার পদে বসলেও তার পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে। এর মধ্যেই মার্কিন সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে মার্কিন-ইজরায়েলি হানায় মৃত্যু হয়েছিল আয়াতোল্লা খামেনেইয়ের। সেই হামলাতেই জখম হন মোজতবা। একটি পাও হারিয়েছেন। বর্তমানে সম্ভবত কোমায় রয়েছেন তিনি। যকৃতেরও মারাত্মক ক্ষতি হয়েছে। এই জল্পনার মধ্যেই শুক্রবার ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় সম্ভবত উনি (মোজতবা) বেঁচে রয়েছেন। হয়তো জখম হয়েছেন। কিন্তু আমার ধারণা, সম্ভবত কোনো না কোনো অবস্থায় তিনি বেঁচে রয়েছেন।’

Advertisement

মার্কিন-ইজরায়েলি হানার মুখে পালটা হুংকার দিয়েছেন মোজতবা। বৃহস্পতিবারই ইরানের জনগণের উদ্দেশে এক বার্তায় তিনি বলেন, ‘যুদ্ধে যাঁরা নিহত হয়েছেন, তাঁদের মৃত্যুর প্রতিশোধ নেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।’ এই যুদ্ধ পরিস্থিতিতে ইরান হরমু়জ প্রণালী অবরুদ্ধ করে রাখবে। এখানেই শেষ নয়, সংঘাত বন্ধ করতে আরব দুনিয়ার প্রতিবেশী দেশগুলির উপরে চাপ বাড়িয়েছে ইরান। জানিয়েছে, পশ্চিম এশিয়ার মার্কিন ঘাঁটিগুলি বন্ধ না করা হলে প্রত্যাঘাত জারি থাকবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ