নয়াদিল্লি: ইদ-উল-আজহা উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা বিনিময় করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার দপ্তরের এক্স হ্যান্ডলে দুজনের শুভেচ্ছাবার্তা পোস্ট করা হয়েছে। ৪ জুন বাংলাদেশের জনগণ ও ইউনুসকে ইদের শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি। সেই বার্তায় তিনি লেখেন, ‘ভারতবাসীর তরফে আপনাকে বাংলাদেশের সমস্ত মানুষকে ইদ-উল-আজহা’র শুভেচ্ছা জানাচ্ছি। এই পবিত্র উত্সব ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ।’ প্রধানমন্ত্রী আরও লেখেন, ‘ভারতের কোটি কোটি ইসলাম ধর্মাবলম্বী মানুষ আনন্দ ও উত্সাহের সঙ্গে এই উত্সব পালন করে।’ গত শুক্রবার মোদির এই চিঠির জবাবে ইউনুস লিখেছেন, ‘পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনা আমাদের দুই জাতিকে জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে বলে আমি আত্মবিশ্বাসী।’



