Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গোটা রাষ্ট্রশক্তি ব্যবহার করে মমতাকে হারাতে পারবেন না মোদি, নিশ্চিত তেজস্বী যাদব

মমতা বন্দ্যোপাধ্যায়কে জব্দ করতে গোটা রাষ্ট্রশক্তি মরিয়া হয়ে উঠেছে! বিজেপি, ইডি, সিবিআই, নির্বাচন কমিশন, ইনকাম ট্যাক্স, আরএসএস কেউ বাকি নেই। একা লড়ে যাচ্ছেন দিদি।

গোটা রাষ্ট্রশক্তি ব্যবহার করে মমতাকে হারাতে পারবেন না মোদি, নিশ্চিত তেজস্বী যাদব
  • ২৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: মমতা বন্দ্যোপাধ্যায়কে জব্দ করতে গোটা রাষ্ট্রশক্তি মরিয়া হয়ে উঠেছে! বিজেপি, ইডি, সিবিআই, নির্বাচন কমিশন, ইনকাম ট্যাক্স, আরএসএস কেউ বাকি নেই। একা লড়ে যাচ্ছেন দিদি। মত বিহারের আরজেডি নেতা তেজস্বী যাদবের। তিনি নিশ্চিত, তবু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে যাবেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। তাই দিদিকে কেউ হারাতে পারবে না। তেজস্বীর বিশ্বাস, বাংলায় বসবাসকারী বিহারি ভাইবোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন করবেন। বাংলার জন্য অনেক কাজ করেছেন মমতা দিদি। শুক্রবার এক রোড শো থেকে কাঁকিনাড়া বাজারে দাঁড়িয়ে তেজস্বী আবেদন করেন, দিদির প্রার্থীদের নির্বাচনে জয়ী করুন। তৃণমূলের জোড়াফুল প্রতীকে ভোট দিন। ভাটপাড়ার তৃণমূল প্রার্থী অমিত গুপ্তাকে জেতান। তাতে ভাটপাড়ায় উন্নয়ন হবে। 

Advertisement

পরে এস পাল ঘাট মোড়ের কাছে এক জনসভায় তেজস্বী বলেন, এখানে এসে মনে হচ্ছে ‘মিনি বিহার’! খুব ভালো লাগছে। আমি সমস্ত বিহারি ভাই-বোনেদের কাছে অনুরোধ করব, আপনারা যে যেখানে আছেন মমতাদির তৃণমূলকে সমর্থন করুন। মোদিজি এখানে এসে ঝালমুড়ি খাচ্ছেন। পাঁচমাস আগে বিহারে ছাতু খেয়েছিলেন। এখন আর ছাতু বিক্রেতাদের মনে রাখেন না। ভোটের আগে আসবেন। অনেক প্রতিশ্রুতি দেবেন। ভোট মিটলেই ভুলে যাবেন সব। বিহারে নীতীশ কুমারকে সামনে রেখে ভোট করলেন। আর তাঁকেই সরিয়ে দেওয়া হল ভোট মিটতেই। এখন যাঁকে বিহারের মুখ্যমন্ত্রী করা হয়েছে তাঁর বিরুদ্ধে সাতটি খুনের অভিযোগ রয়েছে! বিজেপিকে কখনো বিশ্বাস করবেন না।  কখনো হিন্দি, কখনো ভোজপুরীতে তিনি সভা মাতিয়ে দেন। সভায় সাংসদ পার্থ ভৌমিক, জগদ্দলের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম, ভাটপাড়া তৃণমূল প্রার্থী অমিত গুপ্তা এবং দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন। দুই তৃণমূল প্রার্থীকে ‘জয়ের মালা’ পরিয়ে দেন তেজস্বী যাদব। এদিন তাঁর রোড শো-কে ঘিরে ভাটপাড়া মোড়ে ছিল তীব্র উন্মাদনা। মানুষের ভিড়ে রোড শো পুরোটা তিনি শেষ পর্যন্ত করতে পারলেন না। কাঁকিনাড়া বাজারেই তাঁকে থামতে হল। পরে এস পাল ঘাট মোড়ের সামনে ভিড়ে ঠাসা জনসভায় বক্তব্য রাখলেন তেজস্বী। ভাষণের ছত্রে ছত্রে আক্রমণ করলেন প্রধানমন্ত্রীকে। 
তেজস্বী বললেন, আমরা দেখছি বাংলাকে টার্গেট করেছে বিজেপি। নরেন্দ্র মোদি, অমিত শাহ কদিন যাবৎ বাংলাতেই রয়েছেন। পুরো রাষ্ট্রশক্তিকে ব্যবহার করছেন তাঁরা। হলফ করে বলছি, তবু দিদির সঙ্গে পারবেন না। দিদি একাই লড়ে যাচ্ছেন। মানুষের জন্য দিদি যা কাজ করেছেন, বাংলার মানুষ তাঁর সঙ্গেই আছে। আমি এখানকার বিহারি ভাই-বোনদের কাছে অনুরোধ করব, আপনারা শুধু দিদিকেই সমর্থন করুন, পরে নোয়াপাড়া এবং বারাকপুর বিধানসভা কেন্দ্রেও সভা করেন তেজস্বী।

Advertisement
সম্পর্কিত সংবাদ