মুম্বই: উপরাষ্ট্রপতি নির্বাচনে জয় নিয়ে সংশয় রয়েছে সরকারের। তাই বিরোধী নেতানেত্রীদের ফোন করছে তারা। বুধবার এমনই মন্তব্য করেছেন উদ্ধবপন্থী শিবসেনা নেতা সঞ্জয় রাউত। বুধবার তিনি বলেন, ‘সংসদে এনডিএ-র সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এরপরেও সরকার পক্ষের নেতারা ফোন করে বিরোধীদের থেকে সমর্থন চাইছেন। আপনারা যখন জয়ী হবেন বলে ধরেই নিচ্ছেন, তখন ইন্ডিয়া ব্লকের নেতাদের কাছে সমর্থন চাওয়ার প্রয়োজন পড়ছে কেন?’ সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হচ্ছে, উপরাষ্ট্রপতির মতো পদে প্রার্থী নিয়ে ঐকমত্য হওয়া প্রয়োজন। সেই যুক্তি খণ্ডন করেছেন রাউত। তাঁর কথায়, মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণনকে প্রার্থী করার আগেই ঐকমত্যের জন্য বিরোধীদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল।



