সংবাদদাতা, বনগাঁ: নাবালিকাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিস। ধৃতের নাম সঞ্জয় দত্ত (৪৪)। সোমবার ধৃতকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে নাবালিকার বাড়িতে যাতায়াত করত। সূত্রের দাবি, তা থেকে নাবালিকার মায়ের সঙ্গে যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এমনকী নাবালিকাকে অভিযুক্ত যুবক ধর্ষণ করে বলে সূত্রের দাবি। এই সম্পর্ক নিয়ে পরিবারে অশান্তি চলছিল। ঘটনার কথা জানাজানি হওয়ার আশঙ্কায় অভিযুক্ত নাবালিকার উপর মানসিক অত্যাচার করে বলে অভিযোগ। যা সহ্য করতে না পেরে রবিবার ঘরে গামছা গলায় দিয়ে আত্মঘাতী হয় নাবালিকা। মৃতার পরিবারের তরফে থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের হয়। মৃতার বাবা বাসুদেব হালদার বলেন, কাজে গিয়েছিলাম, সেখানে শুনলাম মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।



