তিরুবনন্তপুরম: দু’মাস ধরে নির্বাচনী এলাকায় দেখা নেই কেন্দ্রীয় মন্ত্রীর। এমনই অভিযোগ উঠল কেরলের ত্রিশূরের বিজেপি সাংসদ সুরেশ গোপীর বিরুদ্ধে। কেরল স্টুডেন্টস ইউনিয়নের জেলা সভাপতি গোকূল গুরুভায়ুর ত্রিশূর পূর্ব থানায় ইমেল মারফৎ একটি নিখোঁজ অভিযোগও জমা দিয়েছেন। তাঁর দাবি, ছত্তিশগড়ে কেরলের দু’জন নান গ্রেপ্তার হয়েছিলেন। তারপর সুরেশ গোপীকে আর এলাকায় দেখা যায়নি। গোকূল বলেছেন, ‘ত্রিশূরের মেয়র ও রাজস্বমন্ত্রী কে রাজনও তাঁকে বহুবার ফোন করেছিলেন। কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধনের জন্য আমন্ত্রণও জানানো হয়। তবে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।’ সুরেশের অফিসে যোগাযোগ করলেও তাঁর সহযোগীরা বলতে পারছেন না, তিনি কোথায় রয়েছেন বা কবে ফিরবেন। সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি কর্মীরাও তাঁর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। ওই ছাত্র সংগঠনের দাবি, সাংসদের দীর্ঘ অনুপস্থিতির জন্য তদন্ত হওয়া উচিত।



