Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নিউটাউনে এক কামরার ফ্ল্যাটে ‘ঘাঁটি’ জঙ্গি উমরের, বাকি ২ মাসের ভাড়া

নিউটাউনের হাতিয়াড়া। ইকোপার্ক থানার অন্তর্গত জনবসতিপূর্ণ এলাকা। সেখানেই এক কামরার ফ্ল্যাট ভাড়া নিয়েছিল লস্কর-ই-তোইবার জঙ্গি উমর ফারুক। জানা গিয়েছে, প্রায় আটমাস আগে সে ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিল।

নিউটাউনে এক কামরার ফ্ল্যাটে ‘ঘাঁটি’ জঙ্গি উমরের, বাকি ২ মাসের ভাড়া
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নিউটাউনের হাতিয়াড়া। ইকোপার্ক থানার অন্তর্গত জনবসতিপূর্ণ এলাকা। সেখানেই এক কামরার ফ্ল্যাট ভাড়া নিয়েছিল লস্কর-ই-তোইবার জঙ্গি উমর ফারুক। জানা গিয়েছে, প্রায় আটমাস আগে সে ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিল। তার সঙ্গেই থাকত দিল্লি পুলিশের হাতে ধৃত বাংলাদেশি লস্কর জঙ্গি রবিউল ইসলামও। তারা বেশিরভাগ সময় ফ্ল্যাটের ভিতরেই থাকত। খুব প্রয়োজন পড়লে মাঝে মাঝে বের হত। কখনও আবার টানা কয়েক দিনের জন্য উধাও হয়ে যেত। স্থানীয় মুদি দোকান ও বাজার থেকেই জিনিসপত্র কেনাকাটা করত। তবে, কারও সঙ্গে মেলামেশা করত না। আটমাসের মধ্যে দু’মাসের ভাড়াও বকেয়া রয়েছে।

Advertisement

গত ১৫ ফেব্রুয়ারি হাতিয়াড়ার ফ্ল্যাট থেকে দিল্লি পুলিশের স্পেশাল সেলের হাতে গ্রেফতার হয় উমর ফারুক এবং রবিউল ইসলাম। উমরের বাড়ি মালদহের মানিকচকে। তদন্তকারীরা জানতে পেরেছেন, গত ৬ ফেব্রুয়ারি তারা কলকাতা থেকে বিমানে করে পাটনা হয়ে দিল্লি যায়। ৮ ফেব্রুয়ারি ফের ট্রেনে করে কলকাতায় ফিরে আসে তারা। সিসি ক্যামেরার ফুটেজের সূত্রে ধরে দিল্লি পুলিশের টিম নিউটাউনে পৌঁছয়। তারপর তাদের ট্র্যাক করে গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগের দিনও তারা কলকাতা ও নিউটাউনের একাধিক জায়গায় একই ধরনের পোস্টার সাঁটিয়েছিল বলে জানা গিয়েছে।
গোপন আস্তানার জন্যই নিউটাউনের হাতিয়াড়া এলাকাটি চিহ্নিত করেছিল তারা। মূলত ওই এক কামরার ফ্ল্যাটে তারা ঘাঁটি গড়েছিল। তবে, এই ঘটনা সামনে আসার পরই উদ্বেগের মধ্যে রয়েছেন হাতিয়াড়ার বাসিন্দারা। তাঁদের কথায়, দু’-একজন খারাপ লোকের জন্য গোটা এলাকার বদনাম হচ্ছে। তাই এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া উচিত। যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। কীভাবে তারা হাতিয়াড়ার ওই ফ্ল্যাট ভাড়ায় পেল? দালাল মারফত নাকি সরাসরি যোগাযোগ করেছিল ফ্ল্যাটের মালিকের সঙ্গে, তাও খতিয়ে দেখার দাবি উঠেছে। জানা গিয়েছে, উমর ফারুক যেহেতু মালদহের বাসিন্দা, তাই সে আসল নামেই নিউটাউনের ফ্ল্যাটে থাকছিল। 
প্রসঙ্গত, নিউটাউনে জঙ্গি বা গ্যাংস্টারদের আস্তানা গড়া নতুন নয়। সাপুরজি আবাসনে পাঞ্জাবের দুই কুখ্যাত গ্যাংস্টার জয়পাল সিং ভুল্লার এবং যশপ্রীত সিং ঘাঁটি গড়েছিল। যদিও পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে ফ্ল্যাটের মধ্যেই এনকাউন্টারে তাদের মৃত্যু হয়। ফের নিউটাউনের হাতিয়াড়া থেকে লস্কর-ই-তইবার দুই জঙ্গি গ্রেপ্তার হওয়ায় শহরের এই অংশের  নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ