Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ফরিদাবাদে জেলের মধ্যে পাথর মেরে জঙ্গিকে খুন

হরিয়ানার ফরিদাবাদ জেলা সংশোধনাগারে সন্ত্রাসবাদে অভিযুক্ত যুবককে খুন করল অন্য এক জেলবন্দি। রবিবার রাতের এই ঘটনায় বড়োসড়ো নিরাপত্তা গাফিলতির অভিযোগ উঠেছে। মৃতের নাম আব্দুল রহমান (২০)।

ফরিদাবাদে জেলের মধ্যে পাথর মেরে জঙ্গিকে খুন
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: হরিয়ানার ফরিদাবাদ জেলা সংশোধনাগারে সন্ত্রাসবাদে অভিযুক্ত যুবককে খুন করল অন্য এক জেলবন্দি। রবিবার রাতের এই ঘটনায় বড়োসড়ো নিরাপত্তা গাফিলতির অভিযোগ উঠেছে। মৃতের নাম আব্দুল রহমান (২০)। পুলিশের মুখপাত্র যশপাল সিং জানিয়েছেন, রবিবার রাতে জেলের মধ্যেই অভিযুক্ত অরুণ চৌধুরী আব্দুলের মাথায় ধারালো পাথরের মতো কোনো বস্তু দিয়ে প্রাণঘাতী আঘাত করে। যার জেরেই তার মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

Advertisement

আদতে উত্তরপ্রদেশের মিল্কিপুরের বাসিন্দা আব্দুল। অযোধ্যায় সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনার অভিযোগে ২০২৫ সালের ২ মার্চ আব্দুলকে ফরিদাবাদ থেকে গ্রেপ্তার করে গুজরাত ও হরিয়ানা পুলিশের যৌথ দল। সেসময় তার কাছ থেকে উদ্ধার হয়েছিল ২টি হ্যান্ড গ্রেনেড। তদন্তকারী সংস্থার দাবি, আব্দুলের মোবাইলে রামমন্দির ও অযোধ্যা সংক্রান্ত একাধিক ভিডিয়ো ছিল। অভিযোগ, গ্রেনেড দুটি পাকিস্তানের আইএসআইয়ের মাধ্যমে জোগাড় করেছিল আব্দুল। কাশ্মীরের বাসিন্দা অরুণ জম্মু ও অমৃতসরের আটটি পৃথক মামলায় ধৃত। তাঁর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগ রয়েছে। 
রবিবারের ঘটনায় অভিযুক্ত অরুণের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে হেপাজতে নেওয়া হয়েছে। সন্ত্রাসবাদে অভিযুক্তকে খুনের পিছনে মোটিভ কী, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জেলের মধ্যে কীভাবে এই ঘটনা ঘটল, তারও তদন্ত চলছে। ঘটনার পরে সংশোধনাগারের অন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

Advertisement
সম্পর্কিত সংবাদ