Bartaman Logo
১৫ জুন, ২০২৬

কুকুরের এঁটো করা মিড ডে মিল! ২৫ হাজার করে ক্ষতিপূরণ পাবে পড়ুয়ারা, নির্দেশ ছত্তিশগড় হাইকোর্টের

মিড ডে মিলে মুখ দিয়েছিল কুকুর। সেই খাবারই পড়ুয়াদের খেতে দেয় স্কুল কর্তৃপক্ষ। এক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠেছিল ছত্তিশগড়ের বিলাসপুরে।

কুকুরের এঁটো করা মিড ডে মিল! ২৫ হাজার করে ক্ষতিপূরণ পাবে পড়ুয়ারা, নির্দেশ ছত্তিশগড় হাইকোর্টের
  • ২২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, রায়পুর: মিড ডে মিলে মুখ দিয়েছিল কুকুর। সেই খাবারই পড়ুয়াদের খেতে দেয় স্কুল কর্তৃপক্ষ। এক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠেছিল ছত্তিশগড়ের বিলাসপুরে। ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে আদালত।  বৃহস্পতিবার সেই মামলাতেই পড়ুয়াদের ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দিল ছত্তিশগড় হাইকোর্ট। জানা যাচ্ছে, ২৮ জুলাই ঘটনাটি ঘটেছে বিলাসপুরের লচ্ছনপুর গ্রামের একটি মাধ্যমিক স্কুলে। ওই দিন মিড ডে মিলের খাবারে মুখ দিয়েছিল একটি কুকুর। বিষয়টি শিক্ষকদের কাছে জানায় পড়ুয়ারা। স্কুলের পক্ষ থেকে রান্নার দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীকে জানানো হয়। অভিযোগ, তারপরেও ওই খাবারই খেতে দেওয়া হয় পড়ুয়াদের। সেদিন ৮৪ জন পড়ুয়া মিড ডে মিল খেয়েছিল।  ঘটনাটি প্রকাশ্যে আসার পরই পড়ুয়াদের জলাতঙ্কের টিকার তিনটি করে ডোজ দেওয়া হয়। শারীরিক পরীক্ষাও করা হয় তাদের। হাইকোর্টের প্রধান বিচারপতি রমেশ সিনহা ও বিচারপতি বিভু দত্ত গুরুর ডিভিশন বেঞ্চ সরকারি গাফিলতির কথা উল্লেখ করেছে।  আদালতের নির্দেশ, ‘এক মাসের মধ্যে সংশ্লিষ্ট মাধ্যমিক বিদ্যালয়ের ওই ৮৪ শিক্ষার্থীকে ২৫,০০০ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে।’ পাশাপাশি আগামী দিনে মিড ডে মিলের বিষয়ে প্রশাসনকে আরও সর্তক থাকতে বলা হয়েছে। শিক্ষা দপ্তরকে মিড ডে মিলের বিষয়ে নির্দেশিকা জারির নির্দেশও দিয়েছে আদালত। 

Advertisement

সরকারের পক্ষ থেকে  আদালতকে জানানো হয়, খাবার প্রস্তুতের দায়িত্বে থাকা স্বনির্ভর দলকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট শিক্ষকদের বরখাস্ত করা হয়েছে। এই যুক্তি দেখিয়ে সরকার ক্ষতিপূরণ নিয়ে আপত্তি জানিয়েছিল। কিন্তু সেই আর্জিতে সাড়া দেয়নি হাইকোর্ট।

Advertisement
সম্পর্কিত সংবাদ