নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোনা এক্সপ্রেসওয়ের উপর এলিভেটেড করিডর নির্মাণের অগ্রগতি নিয়ে মঙ্গলবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। দ্বিতীয় হুগলি সেতু যেখানে কোনা এক্সপ্রেসওয়ের সঙ্গে মিশেছে, সেখান থেকে একেবারে নিবড়া পর্যন্ত এলিভেটেড করিডর তৈরির কাজ চলছে জোরকদমে। পিলার নির্মাণের কাজ শেষ হলে তার উপর বসবে গার্ডার। যা শুরু হবে দ্বিতীয় হুগলি সেতুর দিক থেকে। সেই সময় কোনা এক্সপ্রেসওয়েতে যান চলাচল নিয়ন্ত্রণের প্রয়োজন হবে। তবে সম্পূর্ণ রাস্তা বন্ধ নাও করা হতে পারে। তবে বড়ো গাড়িগুলিকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হতে পারে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ফের হাওড়া এবং কলকাতা পুলিশের সঙ্গে জাতীয় সড়ক কর্তৃপক্ষ বৈঠক করবে। পুলিশের সঙ্গে বৈঠকের দিনক্ষণ খুব শীঘ্রই ঠিক হবে বলে সূত্রের খবর।



