Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিষেকের বার্তার পরদিন অনশন প্রত্যাহার মতুয়াদের, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মমতা ঠাকুর

১৩ দিন পর সোমবার ঠাকুরনগরে অনশন আন্দোলন প্রত্যাহার করে নিলেন মতুয়ারা। এদিন ঠাকুরবাড়িতে অনশন মঞ্চে সংঘাধিপতি মমতা ঠাকুরকে লেবুর রস খাইয়ে দেন মতুয়া গোঁসাইরা।

অভিষেকের বার্তার পরদিন অনশন প্রত্যাহার মতুয়াদের, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মমতা ঠাকুর
  • ১৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: ১৩ দিন পর সোমবার ঠাকুরনগরে অনশন আন্দোলন প্রত্যাহার করে নিলেন মতুয়ারা। এদিন ঠাকুরবাড়িতে অনশন মঞ্চে সংঘাধিপতি মমতা ঠাকুরকে লেবুর রস খাইয়ে দেন মতুয়া গোঁসাইরা। অনশনরত অন্য মতুয়াদেরকেও লেবুর রস খাওয়ানো হয়। রবিবার রাজ্যের দুই মন্ত্রী আসেন অনশন মঞ্চে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্ত্রীদের হাত দিয়ে আন্দোলনকারী মতুয়াদের উদ্দেশে একটি বার্তা পাঠান। তাতে অনশন তুলে নেওয়ার আবেদন ছিল। এরপরই সোমবার অনশন প্রত্যাহার করেন মতুয়ারা। এদিন অনশন মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন অল ইন্ডিয়া মতুয়া সংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর। তাঁকে বনগাঁ হাসপাতালে ভরতি করা হয়েছে। জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

Advertisement

নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে গত ৫ তারিখ থেকে আমরণ অনশন শুরু করেন মতুয়ারা। তাঁদের এই আন্দোলন কর্মসূচিতে সকলকেই আহ্বান জানানো হয়। মতুয়াদের আবেদনে সাড়া দিয়ে তাঁদের অনশন মঞ্চে আসেন রাজ্যের বাম এবং কংগ্রেস নেতৃত্ব। প্রথমে তৃণমূলের কেউ না আসায় তাঁদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অবশেষে রবিবার রাজ্যের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী শশী পাঁজা এবং স্নেহাশিস চক্রবর্তী ঠাকুর বাড়িতে আসেন। আসেন তৃণমূল নেতা তন্ময় ঘোষও। 
তাঁদের মাধ্যমে এই আন্দোলনের পাশে থাকার বার্তা দেন শীর্ষ তৃণমূল নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো চিঠি মতুয়া নেতৃত্বের হাতে তুলে দেন তাঁরা। এরপরই অনশন তোলার বিষয়ে আলোচনায় বসেন মতুয়া নেতৃত্ব। এই বিষয়ে অল ইন্ডিয়া মতুয়া সংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলেন, ‘আমরা সাধু গোঁসাই দলপতিদের সঙ্গে আলোচনা করে অনশন আপাতত তুলে নিলাম। আগামীতে আমাদের আন্দোলন জারি থাকবে। আমাদের দাবি মানা না-হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।’

সম্পর্কিত সংবাদ