Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

মাথার দাম দেড় কোটি, খতম মাওবাদী শীর্ষনেতা দেবজি? গুলির লড়াইয়ে শহিদ হক ফোর্সের ইনসপেক্টর

হিদমা নিকেশের ২৪ ঘণ্টার মধ্যে ফের বড় সাফল্য গ্রেহাউন্ড বাহিনীর। বুধবার বাহিনীর গুলিতে প্রাণ গেল আরও ৭ মাওবাদীর। মৃতদের মধ্যে রয়েছে আইইডি বিশেষজ্ঞ ‘টেক’ শংকর।

মাথার দাম দেড় কোটি, খতম মাওবাদী শীর্ষনেতা দেবজি? গুলির লড়াইয়ে শহিদ হক ফোর্সের ইনসপেক্টর
  • ২০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অমরাবতী: হিদমা নিকেশের ২৪ ঘণ্টার মধ্যে ফের বড় সাফল্য গ্রেহাউন্ড বাহিনীর। বুধবার বাহিনীর গুলিতে প্রাণ গেল আরও ৭ মাওবাদীর। মৃতদের মধ্যে রয়েছে আইইডি বিশেষজ্ঞ ‘টেক’ শংকর।  এছাড়া মাওবাদীদের বর্তমান সাধারণ সম্পাদক থিপ্পরি তিরুপতি ওরফে দেবজিও নিহত হয়েছেন বলে খবর। যদিও তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বাসবরাজুর মৃত্যুর পরে সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছিলেন দেবজি। 

Advertisement

৩১শে মার্চ ২০২৬— এর মধ্যেই দেশ হবে মাওবাদীমুক্ত। এমনটা ঘোষণা করেছেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হয় আত্মসমর্পণ নাহলে মৃত্যু, মাওবাদীদের সামনে দুটি রাস্তা খুলে দিয়েছেন তিনি। মঙ্গলবার ভোররাতে অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামারাজু জেলার মারেদুমিল্লির জঙ্গলে বাহিনীর গুলিতে মৃত্যু হয় হিদমার। তারপরও মাওবাদীদের খোঁজে আল্লুরি সীতারামারাজু জেলার বিভিন্ন প্রান্তে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। তাতেই নিকেশ থিপ্পরি তিরুপতি ওরফে দেবজি সহ সাত মাওবাদী। ৬৪ বছরের দেবজির মাথার দাম ছিল দেড় কোটি টাকা। তেলেঙ্গানার আম্বেদকর নগরের বাসিন্দা দেবজি দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন। দীর্ঘদিন ধরে মাওবাদী সংগঠনে জড়িত দেবজি ওরফে চেতন। মিলিটারি কমিশনের প্রধানও ছিলেন তিনি। মূলত দক্ষিণ ভারতে মাওবাদী কর্মকাণ্ড ছড়িয়ে দেওয়ার দায়িত্বে ছিলেন এই গেরিলা নেতা। কিষেনজির মৃত্যুর পর পশ্চিমবঙ্গের লালগড়েও বেশ কিছুদিন দায়িত্বে ছিলেন তিনি। ২০০৭ সালের রানিবদলি হামলা ও ২০১০ সালের দান্তেওয়ারা হামলার মূল চক্রী এই দেবজি। এদিনের অভিযানে খতম হয়েছেন আর এক কুখ্যাত মাওবাদী ‘টেক’ শংকর। যোগাযোগ সহ যাবতীয় প্রযুক্তিগত বিষয়ে পারদর্শী ছিলেন তিনি। একইসঙ্গে আইইডি জাতীয় বিস্ফোরক সম্পর্কেও তাঁর জ্ঞান ছিল। এছাড়া তিন মহিলা মাওবাদীও নিকেশ হয়েছেন এদিনের অভিযানে। উদ্ধার হয়েছে আটটি আগ্নেয়াস্ত্র। তার মধ্যে দুটি একে-৪৭ বন্দুকও রয়েছে। একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে নিষিদ্ধ সিপিআই (মাওবাদী) পার্টির ৫০ জন ক্যাডারকে। বুধবার অন্ধ্রপ্রদেশ ইন্টেলিজেন্সের এডিজি মহেশ চন্দ্র লাড্ডা বলেন, হিদমার মৃত্যুর পর, পাঁচ জেলায় অভিযান চালিয়ে ৫০ জন সিপিআই (মাওবাদী) ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে, মাওবাদীদের বিশেষ জোনাল কমিটির সদস্য, বিভাগীয় কমিটির সদস্য, এলাকা কমিটির সদস্যরা। 
অন্যদিকে, মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন মধ্যপ্রদেশ পুলিশের নকশাল-বিরোধী ইউনিট, হক ফোর্সের ইনসপেক্টর আশিস শর্মা। মধ্যপ্রদেশ-ছত্তিশগড় সীমান্তের কাছে ঘন জঙ্গলে সশস্ত্র মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ