Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ঝাড়খণ্ডে খতম মাওবাদী কমান্ডার, ছত্তিশগড়ে আত্মসমর্পণ ১৮ জনের

মাওবাদীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে ফের সাফল্য। ঝাড়খণ্ডের পালামৌ জেলার জঙ্গলে খতম মাওবাদীদের এক কমান্ডার।

ঝাড়খণ্ডে খতম মাওবাদী কমান্ডার, ছত্তিশগড়ে আত্মসমর্পণ ১৮ জনের
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মেদিনীনগর ও সুকমা: মাওবাদীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে ফের সাফল্য। ঝাড়খণ্ডের পালামৌ জেলার জঙ্গলে খতম মাওবাদীদের এক কমান্ডার।  পুলিস সূত্রে খবর, নিহতের নাম মণীশ যাদব। তার মাথার দাম ছিল পাঁচ লক্ষ টাকা। অভিযানে এক মাওবাদী নেতা গুরুতর জখম হয়েছে। নীতেশ যাদব নামে ওই নেতার মাথার দাম ছিল ১৫ লক্ষ। অভিযানে কুন্দন সিং খেওয়াড় নামে এক মাওবাদী নেতাকে গ্রেপ্তার করেছে পুলিস। তারও খোঁজ পেতে ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। অভিযানে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। আবার ছত্তিশগড়ের সুকমায় এদিন আত্মসমর্পণ করেছে ১৮ জন মাওবাদী। তাদের ১০ জনের জন্য সব মিলিয়ে ৩৮ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল প্রশাসন। বিশেষ করে মাদকাম কামলু ও ভাস্কর ওরফে ভোগামের মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা। গ্রামীণ এলাকায় সরকারের উন্নয়ন প্রকল্পে সাড়া দিয়ে ওই মাওবাদীরা আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছেন পুলিস সুপার কিরণ চ্যবন। ওড়িশার বিজাপুর জেলাতেও বিজয়া পুনেম ওরফে অজয় নামে এক মাওবাদী নেতা আত্মসমর্পণ করেছে। তার মাথার নাম চার লক্ষ টাকা ঘোষণা করেছিল ওড়িশা পুলিস। 

Advertisement

কয়েকদিন ধরে ঝাড়খণ্ডেও ব্যাপক অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। সোমবার গভীর রাতে পালামৌ ও লাতেহার জেলার সীমানা সীতাচুয়ান জঙ্গলে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর আসে। শুরু হয় পুলিস ও আধাসেনার যৌথ বাহিনীর অভিযান। মাওবাদীদের চারদিক থেকে ঘিরে ফেলা হয়। রীতিমতো কোণঠাসা হয়ে বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে মাওবাদীরা। জওয়ানরা পাল্টা জবাব দিলে মৃত্যু হয় মণীশের। ডিআইজি ওয়াইএস রমেশ বলেন, মাওবাদী নেতা মণীশ ও কুন্দন দীর্ঘ ১২ বছর মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত। পুলিসের খাতায় মণীশের বিরুদ্ধে ৪০ এবং কুন্দনের নামে ২৭টি মামলা চলছে। মাওবাদীদের ডেরা থেকে একটি বন্দুক ও অন্যান্য অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। এনিয়ে গত এক সপ্তাহে ঝাড়খণ্ডে মৃত্যু হল তিন মাওবাদী শীর্ষ নেতার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ