


সংবাদদাতা, রামপুরহাট: হাওড়া ডিভিশনের খানা স্টেশনে ল্যাডার শিফটিং সংক্রান্ত কাজে চারদিন প্রি-নন ইন্টারলকিং ও তিনদিন নন ইন্টারলকিং কাজ হবে। অর্থাৎ টানা আটদিন ধরে কাজ চলবে। তারজন্য ২-৮ ডিসেম্বর একাধিক এমইএমইউ, মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া আপ ও ডাউন মিলিয়ে ৩১টি মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে তা জানানো হয়েছে। ২ ডিসেম্বর অর্থাৎ আগামী মঙ্গলবার থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত প্রি নন ইন্টারলকিংয়ের কাজ চলবে। ৬-৮ ডিসেম্বর নন ইন্টারলকিং কাজ চলবে। ৬ ও ৭ ডিসেম্বর বর্ধমান-রামপুরহাট শাখায় এমইএমইউ বাতিল থাকবে। ওই দু’দিন শিয়ালদহ-রামপুরহাট মা তারা এক্সপ্রেস, হাওড়া-বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস, হাওড়া-রামপুরহাট এক্সপ্রেস, হাওড়া-সিউড়ি হুল এক্সপ্রেস বাতিল থাকবে। ৫-৭ ডিসেম্বর হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস চলবে না। ৫-৭ ডিসেম্বর শিয়ালদহ-হলদিবাড়ি দার্জিলিং মেল, হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন রয়েছে।