ম্যাঞ্চেস্টার সিটি- ১ (ডি ব্রুইন) : উলভস- ০
ম্যাঞ্চেস্টার সিটি- ১ (ডি ব্রুইন) : উলভস- ০
ম্যাঞ্চেস্টার: মরশুমের শেষ ল্যাপে চেনা ছন্দে পাওয়া যাচ্ছে ম্যাঞ্চেস্টার সিটিকে। গত রবিবার নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে এফএ কাপের ফাইনালে পৌঁছেছে সিটিজেনরা। এবার প্রিমিয়ার লিগে উলভসের বিরুদ্ধে জয় পেল পেপ গুয়ার্দিওলা ব্রিগেড। সেই সুবাদে আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনের পথে একধাপ এগলেন আর্লিং হালান্ডরা। ঘরের মাঠে ম্যান সিটির জয়ের নায়ক কেভিন ডি’ব্রুইন। তাঁর একমাত্র গোলেই শনিবার পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে নীল ম্যাঞ্চেস্টার। এই জয়ের সুবাদে ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলে তৃতীয় স্থান ধরে রাখল পেপ-ব্রিগেড। পঞ্চম স্থানে থাকা চেলসির চেয়ে আপাতত ৪ পয়েন্টে এগিয়ে তারা।
লিগের অপর ম্যাচে শনিবার ঘরের মাঠে বোর্নমাউথের কাছে ১-২ ব্যবধানে হেরেছে আর্সেনাল। ৩৪ মিনিটে ডেকলান রাইসের গোলে লিড নিয়েছিল গানাররা। কিন্তু তা ধরে রাখতে ব্যর্থ মিকেল আর্তেতার দল। ৬৭ মিনিটে ডিনের লক্ষ্যভেদে সমতায় ফেরে অ্যাওয়ে দল। আর ৭৫ মিনিটে বোর্নমাউথের জয়সূচক গোলটি ইভানালিসনের। এই হারের পরও টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল। ৩৫ ম্যাচে তাদের সংগ্রহ ৬৭ পয়েন্ট।
এদিকে, ইতিমধ্যেই লিগ খেতাব নিশ্চিত করেছে লিভারপুল। বাকি চার ম্যাচেও ছন্দ ধরে রাখাই লক্ষ্য কোচ আর্নে স্লটের। রবিবার অ্যাওয়ে ম্যাচে সালাহদের প্রতিপক্ষ চেলসি। আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জনের আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচে জিততেই হবে স্টামফোর্ড ব্রিজের ক্লাবটিকে।