নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমেদবাদের সাম্প্রতিক বিমান দুর্ঘটনা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কোনও দুর্ঘটনা হতেই পারে। কিন্তু কোনও পরিকল্পিত দুর্ঘটনা হলে প্রশ্ন তো উঠবেই। বিমান দুর্ঘটনা নিয়ে কোনও এফআইআর এখনও করা হয়নি। কাদের দিয়ে তদন্ত করা হচ্ছে? আমলাদের দিয়ে তদন্ত করা হচ্ছে। রেলমন্ত্রীর থাকাকালীন অভিজ্ঞতা থেকে মমতা বলেন, দুর্ঘটনা হলে একটি সেফটি কমিশন আছে। তারা তদন্ত করে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকে কি সেরকম কিছু আছে? পহেলগাঁওয়ে যে জঙ্গিরা নিরীহ পর্যটকদের উপর হামলা চালিয়েছিল তারা এখনও কেন ধরা পড়ল না সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, জঙ্গিরা ভিতরে ঢুকে এতগুলো মানুষকে মেরে পালিয়ে গেল। আপনারা কেন এখনও জঙ্গিদের ধরতে পারলেন না। ওই জঙ্গিরা এখন কোথায় আছে। বাংলা কথা বলার জন্য রাজ্যের বাসিন্দাদের বিজেপি শাসিত ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যে মারধর করে বাংলাদেশে যেভাবে পুশ ব্যাক করা হচ্ছে তারও কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী।



