নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তফসিলি জাতি ও উপজাতির না-হওয়া সত্ত্বেও নিটসহ বিভিন্ন পরীক্ষায় তাঁদের নাম বেরিয়েছে এসসি-এসটি হিসেবে। ফলে বৈধ এসসি-এসটিদের বঞ্চনার আশঙ্কা তৈরি হয়েছে। সোমবার নবান্নে ওয়েস্ট বেঙ্গল ট্রাইবস কাউন্সিলের বৈঠকে এই সমস্যায় ইতি টানতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার পরে মুখ্যসচিব মনোজ পন্থকে সংশ্লিষ্ট দপ্তর ও জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সেই ক্ষেত্রে এসসি-এসটি তালিকা যাচাইয়ের প্রয়োজন আছে কি না সেই বিষয়টি নবান্ন খতিয়ে দেখতে পারে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।এই কাউন্সিলের চেয়ারপার্সন মুখ্যমন্ত্রী নিজে। তিনি-সহ বৈঠকে যোগ দেন ১২ জন। গরহাজির ছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং প্রাক্তন সাংসদ দশরথ তিরকে। ঝাড়গ্রামের তৃণমূল সাংসদ কালীপদ সোরেন এবং কালিম্পংয়ের রুদেন সাদা লেপচাও বৈঠকে যোগ দিতে পারেননি। সূত্রের খবর, এদিনের বৈঠকে পরীক্ষার তালিকা সংক্রান্ত সমস্যার বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। তিনি এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন।



