Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলা বলায় কোপ মালদহের যুবককে, ডবল ইঞ্জিন রাজ্যে ফের আক্রান্ত বাঙালি শ্রমিক

বাংলা ভাষায় কথা বলায় ভিনরাজ্যে ফের আক্রান্ত হলেন বাঙালি পরিযায়ী শ্রমিক। মালদহের কালিয়াচকের পাহাড়পুর এলাকার বাসিন্দা কাপড় ব্যবসায়ী সৈয়দ শেখকে গত বৃহস্পতিবার দুপুরে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড এলাকায় ছুরিকাঘাত করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে।

বাংলা বলায় কোপ মালদহের যুবককে, ডবল ইঞ্জিন রাজ্যে ফের আক্রান্ত বাঙালি শ্রমিক
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালিয়াচক: বাংলা ভাষায় কথা বলায় ভিনরাজ্যে ফের আক্রান্ত হলেন বাঙালি পরিযায়ী শ্রমিক। মালদহের কালিয়াচকের পাহাড়পুর এলাকার বাসিন্দা কাপড় ব্যবসায়ী সৈয়দ শেখকে গত বৃহস্পতিবার দুপুরে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড এলাকায় ছুরিকাঘাত করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। বর্তমানে তিনি সাগর জেলার বুন্দেলখণ্ড মেডিকেল কলেজে চিকিৎসাধীন। আক্রান্তের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও আশঙ্কামুক্ত নন বলে পরিবার সূত্রে খবর।

Advertisement

পরিবারের দাবি, প্রায় তিনমাস আগে সৈয়দ কাপড় বিক্রির জন্য পাড়ি দেন বুন্দেলখণ্ডে। বাঙালি হওয়ায় সেখানে আগেও তাকে হেনস্তার মুখে পড়তে হয়েছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
 ঘটনার দিন বাংলা ভাষায় কথা বলছিলেন। অভিযোগ, সেই সময় কয়েকজন স্থানীয় ব্যক্তি তাঁকে ঘিরে ধরে এবং বাংলা ভাষায় কথা বলাকে কেন্দ্র করে কটূক্তি করতে শুরু করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। সৈয়দকে তখন বাংলাদেশি বলে অপমান করা হয় বলে অভিযোগ। তিনি প্রতিবাদ জানালে হামলাকারীরা বেপরোয়া হয়ে ওঠে এবং এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
রক্তাক্ত অবস্থায় সৈয়দকে উদ্ধার করে স্থানীয়রাই হাসপাতালে ভরতি করেন। এই ঘটনায় আতঙ্কিত ও ক্ষুব্ধ পরিবার।
 আক্রান্তের স্ত্রী নুরেফা বিবির কথায়, তিনমাস আগে তিনি কাপড় বিক্রি করতে যান মধ্যপ্রদেশে। সেখানে আগেও বাংলা ভাষায় কথা বলায় হেনস্তা করা হয় স্বামীকে। তিনি মুখ বুজে সবকিছু সহ্য করছিলেন। গত বৃহস্পতিবার একই কারণে তাঁকে ছুরি দিয়ে আঘাত করা হয়। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি চাই।
মা সাহেদা বানু বলেন, ছেলে আমাদের পরিবারে একমাত্র রোজগেরে। ভিনরাজ্যে কাপড়ের ব্যবসা করতে গিয়েছিল, অন্যায় তো করেনি। তারপরেও তাকে কেন বাংলায় কথায় বলায় প্রাণে মারার চেষ্টা করা হবে। 
কালিয়াচক এবং বৈষ্ণবনগর থানা এলাকার অনেক পরিযায়ী শ্রমিক ভিনরাজ্যে কাজ করেন। তাঁদের অনেককে হেনস্তার শিকার হতে হয়েছে।
এই ঘটনা প্রসঙ্গে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়েছে। পরিবারের স্পষ্ট দাবি, অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির বন্দোবস্ত করতে হবে।-নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ