Bartaman Logo
২ জুন, ২০২৬

অজিত-পুত্রকে আড়ালের চেষ্টা? মহারাষ্ট্র পুলিশকে ভর্ৎসনা কোর্টের

জমি দুর্নীতি তদন্তে কেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের ছেলে আড়াল করার চেষ্টা হচ্ছে? মহারাষ্ট্র পুলিশকে তীব্র ভর্ৎসনা বম্বে হাইকোর্টের।

অজিত-পুত্রকে আড়ালের চেষ্টা? মহারাষ্ট্র পুলিশকে ভর্ৎসনা কোর্টের
  • ১২ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০

মুম্বই: জমি দুর্নীতি তদন্তে কেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের ছেলে আড়াল করার চেষ্টা হচ্ছে? মহারাষ্ট্র পুলিশকে তীব্র ভর্ৎসনা বম্বে হাইকোর্টের। পুনের জমি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে  বিজেপির শরিক এনসিপি (অজিত) দলের নেতার ছেলে পার্থ পাওয়ারের বিরুদ্ধে। অথচ পুলিশের এফআইআরে তাঁর নামই নেই। বুধবার ওই মামলায় অভিযুক্ত শীতল কিষানচাঁদ তেজওয়ানি নামে এক মহিলার জামিনের আর্জির শুনানি ছিল বম্বে হাইকোর্টে। সেখানেই বিচারপতি মাধব জামদাব বলেন, ‘পুলিশ কি উপমুখ্যমন্ত্রীর পুত্রকে আড়াল করে মামলায় জড়িত অন্যান্যদের বিরুদ্ধে তদন্ত করছে?’ প্রসঙ্গত, দুর্নীতিতে অভিযুক্ত আমাদিয়া এন্টারপ্রাইজের সিংহভাগেরই মালিক অজিতপুত্র পার্থ পাওয়ার। 

Advertisement

জানা যাচ্ছে, নিয়ম ভেঙে সরকারি জমি কিনেছিল পার্থের সংস্থা। পুনের মুন্ডধায়া এলাকার ৪০ একর ওই জমির বাজারমূল্য অন্তত ১৮০০ কোটি টাকা। তা কেনা হয়েছে মাত্র ৩০০ কোটি টাকায়। এফআইআরে উল্লেখ রয়েছে, স্ট্যাম্প ডিউটির ২১ কোটি টাকাও সরকারকে দেওয়া হয়নি। ঘটনার তদন্ত করছে জয়েন্ট ইনসপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশনের নেতৃত্বাধীন কমিটি। এফআইআরে পার্থের তুতোভাই দিগ্বিজয় পাতিল, তেজওয়ানি, সাব রেজিস্ট্রার রবীন্দ্র তারুর নাম  রয়েছে। কিন্তু  পার্থর নাম নেই। দাবি করা হচ্ছে, কোনও নথিতে সই না থাকার কারণেই তাঁর নাম এফআইআর থেকে বাদ দেওয়া হয়েছে। 
হাইকোর্টের পর্যবেক্ষণকে হাতিয়ার করে ডাবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে বিরোধী দলগুলি। বৃহস্পতিবার কংগ্রেস নেতা নানা পাটোলে বলেন, ‘আমরা দেখতেই পাচ্ছি কীভাবে দুর্নীতিগ্রস্তদের আড়াল করছে মহারাষ্ট্র সরকার।’ কোভিডকালে দুর্নীতিতে অভিযুক্ত মুম্বইয়ের অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল কমিশনারের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘ এই সব আধিকারিকদের বরখাস্ত করা উচিত। কিন্তু রাজ্যের সরকার অজিত পাওয়ারের মতো দুর্নীতিগ্রস্তদের রক্ষা করছে।’ যদিও অজিতের  দাবি, তাঁর ছেলে ও তার সহযোগীরা ওই জমির স্ট্যাটাস সম্পর্কে অবগত ছিল না।

সম্পর্কিত সংবাদ