নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ম্যাকাউটের প্রবেশিকা পরীক্ষা ধাক্কা খেল প্রযুক্তি অপরাধীদের হাতেই। রবিবার এই বিশ্ববিদ্যালয়ের কমন এন্ট্রান্স টেস্ট (অনলাইন সিইটি) দীর্ঘক্ষণ স্থগিত থাকে হ্যাকারদের উৎপাতে। নির্দিষ্ট ওয়েবসাইটটি হ্যাক করার ফলে পরীক্ষা শুরুর ১৫ মিনিটের মধ্যেই তা বন্ধ হয়ে যায়। বহু ছাত্রছাত্রীর অভিযোগ, পরবর্তীতে তাঁরা আর সেই ওয়েবসাইটে ঢুকতে পারেননি। ফলে ১৫ মিনিটে যতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছিলেন, তার ভরসাতেই থাকতে হচ্ছে অনেককে।
উত্তর ২৪ পরগনার এক ছাত্রী আনন্দমঞ্জরী মুখোপাধ্যায় জানান, ফরেন্সিক সায়েন্স বা বায়োটেকনোলজি পড়ার জন্য তিনি এই প্রবেশিকায় বসেছিলেন। ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়ার পরে আর বহু চেষ্টাতেও সেখানে ঢুকতে পারেননি। তাঁর বহু সহপাঠীও এই সমস্যার শিকার হয়েছেন। তাই আনন্দমঞ্জরী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারের পাশাপাশি শিক্ষামন্ত্রী এবং রাজ্যপালকেও সমস্যাটি অভিযোগ আকারে ইমেলে জানিয়েছেন।
এই ব্যাপারে উপাচার্য তাপস চক্রবর্তী বলেন, ‘এই পরীক্ষার দায়িত্ব দেওয়া ছিল ওয়েবেলকে। তারা সরকারি সংস্থা তো বটেই, এই ধরনের পরিষেবা দেওয়ায় তারা পটু। তা সত্ত্বেও এই ঘটনা কেন ঘটল জানি না। এর জন্য তাদের যথেষ্ট পরিমাণ পরিষেবা ফি-ও দেওয়া হয়।’
তাহলে কি ফের এই পরীক্ষা নেওয়া হবে? উপাচার্যের বক্তব্য, ওয়েবেলের পক্ষ থেকে জানানো হয়েছে ১৫ মিনিট ওয়েবসাইট বন্ধ ছিল। তাই পরীক্ষার জন্য বাড়তি ১৫ মিনিট সময় দেওয়া হয়েছে। যদি কেউ পরবর্তীতে ওয়েবসাইটে লগইন করতে না-পেরে থাকেন, তাহলে সেটা ওয়েবেল আমাদের জানায়নি। আমরা ওয়েবেলের কাছে লিখিত রিপোর্ট চাইব।’ প্রসঙ্গত, এই ইস্যুতে ওয়েবেলের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তাপসবাবু আশ্বস্ত করে বলেন, ‘উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে সরাসরি ভর্তি নেওয়ার বিকল্পও থাকছে। অনেক ছাত্রছাত্রী স্কলারশিপের জন্য আবেদন করেন। সেগুলিতে অনেকসময় প্রবেশিকার শর্তটি থাকে। সেটা ছাড়া আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো সরাসরি ভর্তিও করতে পারব।’