নয়াদিল্লি: তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরকে কেন্দ্র করে নানা বিতর্ক দানা বেঁধেছে। এবার সেই বিষয়ে ক্ষোভপ্রকাশ করলেন বর্ষীয়ান গীতিকার জাভেদ আখতারও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘বিশ্বের সবচেয়ে ভয়ংকর সন্ত্রাসবাদী সংগঠনের প্রতিনিধি যেভাবে ভারতে সম্মানিত হয়েছেন, তা দেখে লজ্জায় আমার মাথা হেঁট হয়েছে। যারা সন্ত্রাসবাদের বিরোধিতা করে, তারাই সন্ত্রাসবাদের প্রতিনিধিকে অভ্যর্থনা জানাল!’ ছ’দিনের ভারত সফরে এসেছেন মুত্তাকি। ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এটাই প্রথম কোনও তালিবান নেতার ভারত সফর। তবে দিল্লিতে আফগানিস্তান দূতাবাসে মহিলাদের বাদ রেখে সাংবাদিক বৈঠক, উত্তরপ্রদেশের সাহারানপুরে অভ্যর্থনায় বিতর্কে জড়িয়েছেন আমির। জাভেদ তাঁর পোস্টে লিখেছেন, ‘মেয়েদের শিক্ষার বিরোধী একজন মানুষকে ইসলামিক হিরো বলে পরিচয় দেওয়া হচ্ছে!’ তাঁর প্রশ্ন, ‘আমার ভারতীয় ভাই-বোনেরা, আমাদের সঙ্গে কী হচ্ছে এটা?’



