নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাড়ি-গাড়ির ব্যাঙ্ক ঋণে সুদের হার আরও কমতে চলেছে। রিজার্ভ ব্যাঙ্ক শুক্রবার রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা করার পর থেকে মধ্যবিত্ত পরিসরে এটাই সবচেয়ে বড় চর্চা। আশা একটাই—ইএমআই কমবে। নীতি নির্ধারণ কমিটির বৈঠকের পর রিজার্ভ ব্যাঙ্কের এই ঘোষণা কিন্তু কিছুটা অপ্রত্যাশিতই। রেপো কমবে, সে ব্যাপারে সব মহলই প্রায় নিশ্চিত ছিল। কিন্তু একেবারে ৫০ বেসিস পয়েন্ট প্রত্যাশার তুলনায় বেশি। চার মাসের মধ্যে তৃতীয়বার। সাধারণত রেপো রেট বেশি হলে ব্যাঙ্ক ঋণের উপর সুদের হার বেশি হয়। আর কমে গেলে ব্যাঙ্কগুলি লোনের উপর সুদের হার কমায়। গত ফেব্রুয়ারি মাসেই ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানো হয়েছিল। প্রায় তিন বছর পর। তখনই আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা আভাস দিয়েছিলেন, আরও কমতে পারে রেপো। এদিন ৫০ বেসিস পয়েন্ট কমে যাওয়ায় বর্তমানে রেপো রেট হল ৫.৫ শতাংশ। কেন এক ধাক্কায় রেপো এতটা কমানো হল? রিজার্ভ ব্যাঙ্কের দাবি, মূল্যবৃদ্ধির হার তাৎপর্যপূর্ণভাবে কমেছে। এমনকী চলতি অর্থবর্ষের শেষে মূল্যবৃদ্ধির হার ৪ শতাংশের কম হবে বলেও আশা নীতি নির্ধারণ কমিটির। পাশাপাশি খুচরো মূল্যবৃদ্ধির হার মে মাসে ৩ শতাংশের নীচে নামার সম্ভাবনা দেখা যাচ্ছে।



