Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিম্নচাপ: আজ ও কাল দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা

পুজোর সপ্তাহের শুরুতেই আজ সোমবার উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। এর প্রভাবে সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়বে।

নিম্নচাপ: আজ ও কাল দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা
  • ২২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর সপ্তাহের শুরুতেই আজ সোমবার উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। এর প্রভাবে সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়বে। এই দুদিন সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘের জন্য হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, এই নিম্নচাপটির বেশি প্রভাব দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ও তার কাছাকাছি এলাকায় পড়বে। ভারী বৃষ্টি ওইসব এলাকার কোনও কোনও জায়গায় হবে। মায়ানমার ও দক্ষিণ বাংলাদেশ লাগোয়া উত্তর পূর্ব বঙ্গোপসাগরে রবিবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আজ সোমবারের মধ্যে এটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। 

Advertisement

তবে আবহাওয়াবিদরা বেশি উদ্বিগ্ন কয়েকদিন পরে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে সেটিকে নিয়ে। আগামী বৃহস্পতিবার তৃতীয়ার দিন  উত্তর বঙ্গোপসাগরে ওই নিম্নচাপটি তৈরি হচ্ছে। তবে ভরসার দিক হল, এই নিম্নচাপটি পশ্চিমবঙ্গ উপকূলের দিকে আসবে না বলেই মনে করা হচ্ছে। সেটা হলে পুজোর শুরুতেই দুর্যোগ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা হতো। কিন্তু তা না-হলেও একটা চিন্তার কারণ আছে। এই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হলেও নিম্নচাপটি অগ্রসর হবে পশ্চিম-উত্তর পশ্চিম অভিমুখে। উত্তর-পশ্চিম ও লাগোয়া পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে শুক্রবার চতুর্থীর দিন  দক্ষিণ ওড়িশা- উত্তর অন্ধ্র উপকূলের দিকে এগোবে। শনিবার অর্থাৎ পঞ্চমীর দিন এটি ওড়িশা-অন্ধ্র উপকূল অতিক্রম করে স্থলভূমিতে ঢুকে যাবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এরপর নিম্নচাপটি মধ্য ভারতের দিকে এগোবে। পশ্চিমবঙ্গ উপকূল থেকে অনেকটা দূরে বঙ্গোপসাগরে উপর থাকলেই এই গভীর নিম্নচাপটির প্রভাব দক্ষিণবঙ্গের উপর পড়তে পারে এমন আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আপাতত আবহাওয়া দপ্তর সপ্তমী থেকে বিজয়া দশমী পর্যন্ত কলকাতা ও দক্ষিণবঙ্গে সাধারণভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী বুধবার পুজোর দিনগুলির আবহাওয়া সংক্রান্ত আরও একটি বিশেষ পূর্বাভাস দেওয়া হবে বলে আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ