Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ, অন্য রাজ্যে ঘুরে যাওয়ার আশায় মৌসম ভবন

পুজোর মুখে একটি নিম্নচাপ থেকে বিপদের আশঙ্কা বুধবার কেটে গিয়েছে। সেটি পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল লাগোয়া এলাকায় থাকলেও দুর্বল হচ্ছে।

সাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ, অন্য রাজ্যে ঘুরে যাওয়ার আশায় মৌসম ভবন
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর মুখে একটি নিম্নচাপ থেকে বিপদের আশঙ্কা বুধবার কেটে গিয়েছে। সেটি পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল লাগোয়া এলাকায় থাকলেও দুর্বল হচ্ছে। কিন্তু বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরির প্রক্রিয়া এদিন থেকে শুরু হয়েছে। এই নিম্নচাপটি আরও শক্তিশালী হবে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে ভরসা হচ্ছে, গভীর নিম্নচাপটি দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্র উপকূলের দিকে যাবে বলে আপাতত মনে করছে মৌসম ভবন। ফলে আগেরটির মতো এই নিম্নচাপটির প্রভাব দক্ষিণবঙ্গের উপর সরাসরি পড়বে না। এমন সম্ভাবনাই বেশি বলে আপাতত  আবহাওয়াবিদরা মনে করছেন। তবে পরোক্ষ প্রভাব পড়ার খুবই সম্ভাবনা আছে। 

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বুধবার যে বিশেষ পূর্বাভাস জারি করা হয়েছে, তাতে শনিবার পঞ্চমীর দিন দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুর জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির (২৪ ঘণ্টার মধ্যে ৭০ থেকে ১১০ মিমি) সম্ভাবনার কথা বলা হয়েছে। ওইদিন কলকাতা এবং হাওড়াসহ কয়েকটি জেলায় বজ্রপাতসহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাতসহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে রবিবার ষষ্ঠীর দিনও। দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুর জেলার কোনও কোনও জায়গায় ঝোড়ো হাওয়ার গতিবেগ তুলনামূলকভাবে কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা থাকছে। সোম-মঙ্গলবার সপ্তমী ও অষ্টমীর দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল ও জোরালো বাতাস থাকার জন্য পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে না-যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। পুজোর সময়কার এই দিনগুলিতে উত্তরবঙ্গে জেলাগুলিতে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে। 
আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, নিম্নচাপটির গতিপ্রকৃতি শেষ পর্যন্ত কী হয় তার উপর অনেকটাই নির্ভর করছে দক্ষিণবঙ্গের উপর এর প্রভাব কতটা পড়বে। এটি বায়ুপ্রবাহের গতি অনেকটাই নির্ধারণ করবে। বায়ুর গতি উত্তরমুখী হলে দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশি হবে। গভীর নিম্নচাপ একটি শক্তিশালী সিস্টেম এবং এটি বড়ো এলাকা জুড়ে অবস্থান করে। এটি দক্ষিণবঙ্গের দিকে না এলেও এর প্রভাবে জলীয় বাষ্প এদিকে প্রবেশ করবে। তার থেকে বৃষ্টির মেঘ তৈরি হবে। 
ইতিমধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে মায়ানমার উপকূল লাগোয়া এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ বৃহস্পতিবার উত্তর ও লাগোয়া পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর নিম্নচাপে পরিণত হবে। গতিপথ এক রেখে আগামীকাল শুক্রবার এটি উত্তর-পশ্চিম ও লাগোয়া পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপে পরিণত হবে। শনিবার এটি দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্র উপকূলের কোনও জায়গা দিয়ে স্থলভূমিতে প্রবেশ করবে। এরপরেই বঙ্গোপসাগরে ৩০ সেপ্টেম্বর-১ অক্টোবর নাগাদ ফের একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। তবে এটি নিয়ে বুধবার পর্যন্ত আবহাওয়া দপ্তর কিছু বলতে চায়নি।

সম্পর্কিত সংবাদ