Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের আসছে নিম্নচাপ, বাড়বে বৃষ্টির পরিমাণ

জুন মাসের শেষে ফের একটি জোরালো নিম্নচাপ তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল লাগোয়া উত্তর বঙ্গোপসাগরে।

ফের আসছে নিম্নচাপ, বাড়বে বৃষ্টির পরিমাণ
  • ২৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জুন মাসের শেষে ফের একটি জোরালো নিম্নচাপ তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল লাগোয়া উত্তর বঙ্গোপসাগরে। এই নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করে দক্ষিণবঙ্গের (গাঙ্গেয় পশ্চিমবঙ্গের) উপর আসবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। তাই বৃষ্টির মাত্রা দক্ষিণবঙ্গে বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে আগামী কয়েকদিনের জন্য ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার  অতিভারী বৃষ্টির ‘কমলা’ সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সোমবার কমলা সতর্কতা থাকছে দুই মেদিনীপুর, হুগলি, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলার জন্য। ওইদিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। মঙ্গল ও বুধবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল হওয়া ও জোরালো বাতাসের কারণে রবিবার থেকে রাজ্যের মৎস্যজীবীদের সমুদ্রে না-যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। 

Advertisement

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সম্প্রতি তৈরি হওয়া একটি নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কিছুটা বেড়েছে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, এবারে যে নিম্নচাপটি হচ্ছে সেটির প্রভাব দক্ষিণবঙ্গের উপর তুলনামূলকভাবে বেশি পড়ার সম্ভাবনা আছে। ১৭ জুন নাগাদ যে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে সেটির মতোই হতে পারে এই নিম্নচাপের গতিপ্রকৃতি। ওই নিম্নচাপটির প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়, বিশেষ করে পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয়। এতে নদীগুলির জলস্তর বাড়ে। ডিভিসির মাইথন ও পাঞ্চেত থেকে প্রচুর জল ছাড়া হয়। দক্ষিণবঙ্গের অনেক জায়গায় তৈরি হয় বন্যাপরিস্থিতি। ওই পরিস্থিতি সামাল দিতে না দিতেই, ফের একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, কয়েকদিন ধরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপ রয়েছে সেটির শক্তি কম ছিল। এটি ওড়িশা, ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড়ের দিকে সরে যাচ্ছে। নিম্নচাপটি শুক্রবার আরও দুর্বল হতে শুরু করেছে। এজন্যই দক্ষিণবঙ্গে খুব বেশি পরিমাণে বৃষ্টি হয়নি। অবস্থানগত কারণে এই নিম্নচাপের ফলে বেশি বৃষ্টি হয়েছে ওড়িশায়। 
আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত কয়েকটি মডেল জানিয়েছে, এবার গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। অন্য কয়েকটি মডেলে গভীর নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস না-থাকলেও এটি যে শক্তি বৃদ্ধি করবে তা অবশ্য জানানো হয়েছে। আগের নিম্নচাপটি পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে হয়েছিল। রবিবার পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। সোমবার এটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। তারপর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম অভিমুখে এগবে। 

সম্পর্কিত সংবাদ