Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ঘূর্ণাবর্ত থেকে ফের নিম্নচাপ শীঘ্রই, দক্ষিণবঙ্গে বৃষ্টির ছুটি নেই আপাতত

বৃষ্টি থেকে আপাতত ছাড় মিলছে না দক্ষিণবঙ্গের। আগামী সোমবার নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণবঙ্গের উপর একটি নিম্নচাপ তৈরি হবে।

ঘূর্ণাবর্ত থেকে ফের নিম্নচাপ শীঘ্রই,  দক্ষিণবঙ্গে বৃষ্টির ছুটি নেই আপাতত
  • ২২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃষ্টি থেকে আপাতত ছাড় মিলছে না দক্ষিণবঙ্গের। আগামী সোমবার নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণবঙ্গের উপর একটি নিম্নচাপ তৈরি হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সেটি দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে। বৃহস্পতিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির মাত্রা হঠাৎ বেড়ে যায়। মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর সরে আসার পাশাপাশি, উত্তর ওড়িশা ও লাগোয়া দক্ষিণবঙ্গের উপর থাকা একটি ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি বেড়েছে। 

Advertisement

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, এখন যে ঘূর্ণাবর্তটি আছে সেটিই শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। আবার নতুন করে কোনও নিম্নচাপ প্রায় একই জায়গায় তৈরি হওয়ার সম্ভাবনাও আছে। আজ শুক্রবারও দক্ষিণবঙ্গে বেশি পরিমাণে বৃষ্টি হবে। সাধারণভাবে দক্ষিণবঙ্গ জুড়ে হাল্কা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি চলবে। আগামী কাল, শনিবার বৃষ্টির মাত্রা তুলনামূলকভাবে কিছুটা কমবে। তা আরও কমবে রবিবার। কিন্তু সোমবার থেকে নিম্নচাপের জন্য বৃষ্টি ফের বাড়বে। উত্তরবঙ্গের হিমালয় লাগোয়া জেলাগুলির কোনও কোনও জায়গায় আগামী কয়েকদিনের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। 
গত কয়েকদিন ধরে রাজ্যের উপর থেকে মৌসুমি অক্ষরেখা সরে গিয়েছিল, অবস্থান করছিল ওড়িশার উপর। সেখান থেকে ফের দক্ষিণবঙ্গের উপর সরে আসার কারণে বৃহস্পতিবার থেকে বৃষ্টির মাত্রা বাড়ল। বর্ষা মরশুমে হঠাৎ ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার প্রবণতা থাকে। এবার সেটাই হয়েছে। ওড়িশার উপর সরে আসার আগে মৌসুমি অক্ষরেখা উত্তরবঙ্গে হিমালয়ের পাদদেশে উপর ছিল। তাই সেইসময় উত্তরবঙ্গে, বিশেষ করে হিমালয় সংলগ্ন এলাকায় বৃষ্টির পরিমাণ অনেকটা বেড়ে যায়।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ শুক্রবার বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ার কিছু স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম প্রভৃতি জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। শনি-রবিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। 

সম্পর্কিত সংবাদ