নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি সোমবার সকালে দক্ষিণ ওড়িশার গোপালপুরের কাছ দিয়ে স্থলভূমিতে প্রবেশ করেছে। নিম্নচাপটি দুর্বল হতে শুরু করলেও এর প্রভাবে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় ও তেলেঙ্গানার কিছু অংশে বেশি পরিমাণে বৃষ্টি হবে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে সোমবার সকাল থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বেড়ে যায়। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, নিম্নচাপের পরোক্ষ প্রভাব কিছুটা পড়েছে দক্ষিণবঙ্গে। এদিন বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টার মধ্যে কলকাতায় ২১ মিমি বৃষ্টি হয়েছে। উপকূল সংলগ্ন এলাকাতেও বেশি বৃষ্টি হয়েছে। আগামী বৃহস্পতি-শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদীয়া, দুই বর্ধমান, বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।



