Bartaman Logo
৯ জুন, ২০২৬

যমুনার জলে ভাসল দিল্লির নিচু এলাকা, বন্যার আশঙ্কা

দিল্লির বিজেপি সরকারের প্রতিশ্রুতি বিশেষ কাজে এল না! বরং আশঙ্কাই সত্যি হল। দু’কূল উপচে যমুনার জল ঢুকে পড়ল দিল্লিতে নদী তীরবর্তী নিচু এলাকায়।

যমুনার জলে ভাসল দিল্লির নিচু এলাকা, বন্যার আশঙ্কা
  • ২০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লির বিজেপি সরকারের প্রতিশ্রুতি বিশেষ কাজে এল না! বরং আশঙ্কাই সত্যি হল। দু’কূল উপচে যমুনার জল ঢুকে পড়ল দিল্লিতে নদী তীরবর্তী নিচু এলাকায়। ফলে মঙ্গলবার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হয়েছে। দিল্লির যমুনা বাজার এলাকায় জল ঢুকে পড়েছে। আতঙ্কিত শহরবাসীর প্রশ্ন, এবার কি প্লাবিত হবে মূল শহরও? ঠিক যেমন হয়েছিল দু’বছর আগে? সোমবার রাত থেকে দিল্লির যমুনার জলস্তর বাড়তে থাকে। এদিন সকালেই দিল্লিতে ২০৫.৩৩ মিটারের নির্ধারিত বিপদসীমা পেরিয়ে যায় যমুনার জলস্তর। এরপরেই জল ঢুকতে শুরু করে যমুনা বাজার এলাকায়। পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার সকালেই সেখানে যান দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন। 

Advertisement

পরে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, বাসিন্দাদের উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁদের জন্য পর্যাপ্ত খাবার, জল এবং চিকিৎসা পরিষেবার বন্দোবস্ত করা হয়েছে। কিন্তু বিপদ সঙ্কেত থাকা সত্ত্বেও কেন আগেভাগে যমুনা তীরবর্তী নিচু এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরানো সম্ভব হল না? সেক্ষেত্রে তারা এহেন ভোগান্তির সম্মুখীন হতো না। এমনই অভিযোগ দিল্লিবাসীর একটি বড় অংশের। 
মঙ্গলবারও যমুনা বাজারে দাঁড়িয়ে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা রীতিমতো ভবিষ্যদ্বাণী করেছেন! বলেছেন, যেটুকু জল ঢুকেছে, তা দু’য়েকদিনের মধ্যেই নেমে যাবে। পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হয়ে যাবে। দিল্লিতে কোনও বন্যার আশঙ্কা নেই। মঙ্গলবারও দিল্লি-এনসিআরে বিক্ষিপ্তভাবে প্রবল বৃষ্টি হয়েছে। বেশ কিছু এলাকায় জল জমে গিয়েছে।

সম্পর্কিত সংবাদ