Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

প্রস্তুতি ম্যাচে ঝলমলে লোবেরার মোহন বাগান

কালো টুপির সানশেড পিছনে ঘোরানো। কালো হাফপ্যান্ট, কালো গেঞ্জিতে লেখা ‘আরামসে’। এক গাল তৃপ্তির হাসি মাখিয়ে মাঠ থেকে বের হলেন দিমিত্রি পেত্রাতোস।

প্রস্তুতি ম্যাচে ঝলমলে লোবেরার মোহন বাগান
  • ২৫ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালো টুপির সানশেড পিছনে ঘোরানো। কালো হাফপ্যান্ট, কালো গেঞ্জিতে লেখা ‘আরামসে’। এক গাল তৃপ্তির হাসি মাখিয়ে মাঠ থেকে বের হলেন দিমিত্রি পেত্রাতোস। শনিবার বিকেলে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে ইয়ং ইউনাইটেড এফসি’র বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলল মোহন বাগান। সের্গিও লোবেরা ব্রিগেড ৮-০ গোলে উড়িয়ে দিল প্রীতম কোটালের অ্যাকাডেমিকে। একটি গোল পেয়েছেন দিমি। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে জাল কাঁপানোর পাশাপাশি বাকি তিনটি গোলেই তাঁর অবদান রয়েছে। বিরতির পরের সময়টা দিমিত্রির হলে প্রথমার্ধ আবার রবসন রবিনহোর। এই পর্বেও হয়েছে চারটি গোল। ব্রাজিলিয়ান মিডিও একবার জাল কাঁপালেও অ্যাসিস্ট করলেন বাকি তিনটি। জোড়া লক্ষ্যভেদ সাহাল ও কামিংসের। এছাড়াও স্কোরশিটে নাম তুলেছেন জেমি ম্যাকলারেন ও লিস্টন কোলাসো।

Advertisement

অ্যাটাকিং ফুটবলই কোচ লোবেরার ইউএসপি। দায়িত্ব নেওয়ার পর মোহন বাগানেরও রিংটোন সেটাই সেট করে দিয়েছেন তিনি। হাতে অস্ত্রের অভাব নেই। তাই মন খুলে শুরু থেকেই আক্রমণ শানালেন সবুজ-মেরুন কোচ। প্রথমার্ধে দুই উইংয়ে লিস্টন-মনবীর বারবার জায়গা অদলবদল করে গেলেন। নম্বর টেন পজিশনে রবসনের মুভমেন্ট ছিল পেন্ডুলামের মতো। আর লক্ষ্যভেদের দায়িত্বে ‘ম্যাকা’ পরিচিত ক্ষুরধার ফর্মে। প্রতিপক্ষকে নাস্তানাবুদ করার জন্য এটাই যথেষ্ট। তবে দ্বিতীয়ার্ধে প্লে-মেকারের ভূমিকায় দেখা গেল দিমিকে। এই পর্বে সেন্ট্রাল ডিফেন্সে টম আলড্রেডের সঙ্গী হলেন মেহতাব। ফলে চার বিদেশিকে আক্রমণে ব্যবহার করলেন কোচ লোবেরা। রবসন সরে গেলেন বাঁ প্রান্তে। আর লিস্টন জায়গা নিলেন রাইট উইংয়ে। ‘ফক্স ইন দ্য বক্স’ কামিংস এদিনও সুযোগ কাজে লাগাতে ভোলেননি। ম্যাচ শেষে তাঁর মন্তব্য, ‘গোল তো পাচ্ছি। আইএসএল শুরুর অপেক্ষায় আছি। সেখানে ধারাবাহিকতা দেখাতে চাই।’ অজি স্ট্রাইকারের সুরেই গলা মেলালেন কোচ লোবেরা। তাঁর সংযোজন, ‘প্রস্তুতি ম্যাচ আর প্রতিযোগিতামূলক ম্যাচের মধ্যে অনেক ফারাক। তাই এই জয়ে এত আনন্দ পাওয়ার কিছু হয়নি। খেলা তো হবে টুর্নামেন্ট শুরু হলে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ