লন্ডন: ঘরের মাঠে ড্র করলেই খেতাব নিশ্চিত হতো লিভারপুলের। তবে রবিবার আনফিল্ডে টটেনহ্যাম হটস্পারকে পাঁচ গোলের মালা পরিয়ে চার ম্যাচ বাকি থাকতেই প্রিমিয়ার চ্যাম্পিয়ন ‘দ্য রেডস’ ব্রিগেড। শুরুতে পিছিয়ে পড়েও ৫-১ ব্যবধানে দুরন্ত জয় ছিনিয়ে নিল আর্নে স্লটের ছেলেরা। সেই সঙ্গে ৩৪ ম্যাচে ৮২ পয়েন্টে পৌঁছলেন মো সালাহরা। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের থেকে ১৫ পয়েন্টে এগিয়ে তারা। এদিন লিভারপুলের হয়ে স্কোরশিটে নাম তোলেন লুইস ডিয়াজ, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, কোডি গাকপো ও সালাহ। অপর গোলটি ডেসটিনি উডোগির আত্মঘাতী। টটেহ্যামের একমাত্র গোলটি ডোমিনিক সোলাঙ্কির। ম্যাচের শেষ বাঁশি বাজতেই শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠেন লিভারপুল ফুটবলাররা। সমর্থকদের সঙ্গে সেলফি তোলার পাশাপাশি চ্যাম্পিয়ন লেখা জার্সি পয়ে গোটা মাঠ দাপিয়ে বেড়ান ফন ডিকরা। লিভারপুল কোচের পদে অভিষেক মরশুমেই লিগ জয়ের স্বাদ পেলেন আর্নে স্লট। শিরোপা জয়ের পর প্রাক্তন কোচ জুরগেন ক্লপকে ধন্যবাদ জানান তিনি। আপাতত লিগের বাকি চারটি ম্যাচেও এই জয়ের ছন্দ ধরে রাখাই লক্ষ্য তাঁর।



