


সিমলা (পিটিআই): রাতভর মুষলধারে বৃষ্টি। তার জেরে হড়পা বান ও ধস নেমে ফের বিপর্যস্ত হিমাচল প্রদেশ। মান্ডি জেলায় বাড়ি ভেঙে একই পরিবারের দুই মহিলা ও এক শিশুর মৃত্যু হয়েছে। জলের তোড়ে ভেসে গিয়েছে একাধিক বাস ও গাড়ি। বিপর্যস্ত সিমলা শহরও। সোমবার সন্ধ্যা থেকে ১২ ঘণ্টায় সেখানে বৃষ্টি হয়েছে ১৪১ মিলিমিটার। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হিমল্যান্ড এলাকায় ধস নেমে চাপা পড়েছে বহু গাড়ি। সার্কুলার রোড বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
সিমলার হিমল্যান্ড এলাকায় গাড়ি পার্ক করে তার মধ্যেই ঘুমাচ্ছিলেন গৌতম ও রাহুল শুক্লা। তাঁদের কথায়, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তখন রাত একটা হবে। আচকমা গাছপালা সহ বোল্ডার নেমে আসতে শুরু করে। সেই শব্দ পেয়েই বুঝে যাই ধস নামছে। পড়িমরি করে গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে প্রাণ বাঁচিয়েছি। হিমল্যান্ডের পাশাপাশি গাছ ভেঙে পড়া ও ধস নামার ঘটনা ঘটেছে বিসিএস-বিকাশ নগর, পিএমটি কলোনি, ঝাঁঝেরি সহ সিমলার আরও বেশ কিছু এলাকায়।
মান্ডিতে ধরমপুর এলাকায় সোমবার রাতে হড়পা বানের জেরে জলের তলায় চলে যায় বাস স্ট্যান্ড। দোকানপাটে জল ঢুকে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ডেপুটি কমিশনার অপূর্ব দেবগন জানিয়েছেন, ব্রাগতা গ্রামে বাড়ি ভেঙে মৃত্যু হওয়া একই পরিবারের তিন সদস্যের দেহ উদ্ধার হয়েছে। পাশাপাশি হড়পা বানে একজনের নিখোঁজ হওয়ার খবরও মিলেছে।
রাতভর বৃষ্টির জেরে মঙ্গলবার সকালে বন্ধ হয়ে যায় গোটা রাজ্যের প্রায় ৬৫০টি রাস্তা। এর মধ্যে ছিল তিনটি জাতীয় সড়ক। সরকারি সূত্রে খবর, প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়ে বিদ্যুতের প্রায় ১ হাজার ২৫০টি ট্রান্সফর্মার ও ১৬০টি জল সরবরাহ কেন্দ্র।