নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ ও কলকাতা স্টেশন থেকে লালগোলা (আপ-ডাউন) ট্রেন যাত্রায় চরিত্রগত বদল আসতে চলেছে। শিয়ালদহ থেকে ৯ জোড়া ও কলকাতা স্টেশন থেকে ১ জোড়া মেমু ট্রেন লালগোলা পর্যন্ত চলে। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই ট্রেনে যাতায়াত করেন। মেমু ট্রেনের অর্থাৎ ১২ কোচের গাড়ির প্রতিটি বগিতে রয়েছে শৌচাগার। কিন্তু পর্যাপ্ত মেমু রেকের অভাবে আগামী ৪ জুন থেকে ট্রেনটি ইএমইউ রেকে বদলে যাচ্ছে। স্বল্প দূরত্বের এই রেকগুলিতে আলাদা করে শৌচাগারের ব্যবস্থা নেই। এই অবস্থায় যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেলের বাড়তি খরচ ও পরিচালনগত সমস্যা সত্ত্বেও অভিনব সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদহ ডিভিশন। ৪ জুন থেকে শিয়ালদহ ও কলকাতা স্টেশন থেকে লালগোলার আপ-ডাউনে যাত্রা বিভক্ত হবে কৃষ্ণনগরে। অর্থাৎ যাত্রাপথে ট্রেনটি কৃষ্ণনগরে গড়ে ৩০ মিনিট দাঁড়াবে। সেখান থেকে একই রেক অবশিষ্ট যাত্রাপথ সম্পূর্ণ করবে। এই সময়ে যাত্রীরা খাওয়া-দাওয়া কিংবা শৌচকর্ম সেরে নিতে পারবেন।



