সংবাদদাতা, বারুইপুর: মঙ্গলবার রাতে তল্লাশি চালিয়ে দু’কোটি টাকার হেরোইন উদ্ধার করল পুলিস। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আব্দুল কাদের নামে এক ব্যক্তিকে। তার বাড়ি মঙ্গলকোট থানা এলাকায়। বুধবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক তাকে সাতদিনের জন্য পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিস সূত্রে খবর, ঘুটিয়ারি শরিফের মাখালতলা অটো স্ট্যান্ডের কাছে মঙ্গলবার রাতে হেরোইন নিয়ে এক পাচারকারী আসবে। এমন খবর পেয়ে ক্যানিং মহকুমা পুলিস আধিকারিক রামকুমার মণ্ডল এবং ঘুটিয়ারি শরিফের ওসি সুকুমার রুইদাসের নেতৃত্বে তল্লাশি শুরু করে পুলিসের একটি দল। তখনই আব্দুল কাদেরের ব্যাগ থেকে পাওয়া যায় প্রায় দু’কেজি হেরোইন। তার আনুমানিক বাজার মূল্য দুই কোটি টাকা। পুলিস জানিয়েছে, ধৃত ওই যুবক বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা হলেও সে মুর্শিদাবাদ থেকে আসছিল। নদীয়া থেকে সে এই হেরোইন সংগ্রহ করে। তারপর তা গাড়ি করে নিয়ে চলে আসে ঘুটিয়ারি শরিফে। সেখান থেকেই পুলিস তাকে গ্রেপ্তার করে। এ বিষয়ে ক্যানিংয়ের মহকুমা পুলিস আধিকারিক রামকুমার মণ্ডল বলেন, এর সঙ্গে কোনও আন্তর্জাতিক চক্রে যোগাযোগ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement



