Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

৫০০ কর্মী নামিয়ে রাতভর কাজ, আজ পানীয় জল সরবরাহ স্বাভাবিক

৫০০ কর্মী নামিয়ে রাতভর কাজ, আজ পানীয় জল সরবরাহ স্বাভাবিক
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পূর্বঘোষণা অনুযায়ী সোমবার সকালের পর সারাদিন পানীয় জলের সরবরাহ বন্ধ থাকল কলকাতার বিস্তীর্ণ অংশে। বিধাননগর পুরসভা অঞ্চলেও পানীয় জলের সরবরাহ বিঘ্নিত হয়। বিভিন্ন পাম্পিং স্টেশন সহ একাধিক জায়গায় জলের পাইপলাইনে জরুরি মেরামতির কাজ চলে এদিন। প্রায় ৫০০ জন কর্মীকে মাঠে নামানো হয়। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেন তাঁরা। আজ, মঙ্গলবার সকাল থেকে পানীয় জল পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে পুর কর্তৃপক্ষ। 
Advertisement
জল সরবরাহ বিভাগ জানাচ্ছে, পলতা জলপ্রকল্প সহ টালা ট্যাঙ্ক এবং সরবরাহের সঙ্গে যুক্ত বিভিন্ন পাম্পিং স্টেশনে নির্দিষ্ট সময় অন্তর কিছু কাজ করাতে হয়। এছাড়া কয়েকটি জায়গায় পাইপলাইনে ফাটলের কারণে জল অপচয় হচ্ছে। সেই ফাটল মেরামতির কাজও হয় এদিন। প্রথমে ঠিক ছিল, গত শনিবার সকালে জল দেওয়ার পর সরবরাহ বন্ধ করা হবে। কিন্তু, সেদিন বিয়ের তারিখ থাকায় বহু মানুষের সমস্যার কথা ভেবে সোমবার সকালের পর সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এদিন সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত পানীয় জল দেওয়া হয়েছে। তারপর বন্ধ করে দেওয়া হয় সরবরাহ। ফলে উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে পানীয় জল সরবরাহ বন্ধ ছিল। শ্যামবাজার, মানিকতলা, হাতিবাগান, খান্না, উল্টোডাঙা, শিয়ালদহ, বেলেঘাটা, কাঁকুড়গাছি, এন্টালি, পার্ক সার্কাসের একাংশ, বাগবাজার, শোভাবাজার, ধর্মতলা সহ প্রায় ৭০টি ওয়ার্ডে পরিষেবা ব্যাহত হয়। কসবাতেও প্রভাব পড়েছে। 
বিধাননগর পুরসভা এলাকায়ও টালা থেকে জল সরবরাহ হয়। তাই সেখানেও বাসিন্দারা সকালের পর জল পাননি। তবে শীতকাল থাকায় কোথাও জলের জন্য হাহাকারের ছবি চোখে পড়েনি। পুরকর্তাদের দাবি, জলের ট্যাঙ্কও পাঠাতে হয়নি কোথাও। 
সম্পর্কিত সংবাদ