


নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: রথযাত্রা উপলক্ষ্যে কলকাতা-দীঘা স্পেশাল বাস চালাচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। এসপ্লানেড থেকে বাসগুলি ছাড়ছে। বৃহস্পতিবার থেকেই এই পরিষেবা চালু হয়েছে। রাত সাড়ে ১০টা এবং ১১টায় দু’টি বাস ছেড়েছে। এই দু’টি বাসই শুক্রবার দীঘা থেকে আবার কলকাতায় ফিরবে। এর মধ্যে প্রথমটি এক্সপ্রেস সার্ভিস। যার ভাড়া ১৫৫ টাকা। দ্বিতীয়টির রকেট সার্ভিস। যাত্রী পিছু ভাড়া ১৮০ টাকা। আজ, শুক্রবার একই জায়গা থেকে সকাল ৭টায় এসি সার্ভিস চালাবে নিগম। জনপ্রতি ভাড়া ৩৯০ টাকা। রয়েছে ভলভো বাস। ভাড়া ৪০০ টাকা। এনবিএসটিসি’র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন,রথযাত্রা উপলক্ষ্যে বহু মানুষ দীঘায় যাবেন। কলকাতা থেকে দীঘায় যাতে পুণ্যার্থীরা সহজে পৌঁছতে পারেন তাই কিছু স্পেশাল সার্ভিস চালু করেছি।