মুম্বই: ভারতীয় ক্রিকেটের মহাতারকা। কেরিয়ারে প্রাপ্তির ভাঁড়ার কানায় কানায় পূর্ণ। তারপরও আত্মতুষ্টির জায়গা নেই বিরাট কোহলির অভিধানে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওডিআই সিরিজেও রানের বন্যা বইয়েছেন ভিকে। ছন্দ ধরে রাখতে এবার তাঁর নজর বিজয় হাজারে ট্রফিতে। ঘরোয়া ক্রিকেট নিয়েও রীতিমতো সিরিয়াস তিনি। তাই মুম্বইয়ে অনুশীলন করে দিয়েছিলেন আগেই। সোমবার দিল্লি টিমের সঙ্গে যোগ দিতে উড়ে গেলেন বেঙ্গালুরুতে। বিমানবন্দরে গুরুগম্ভীর মেজাজেই দেখা গেল কিং কোহলিকে। সাদা টি-শার্ট, চুলের নতুন স্টাইল। বিরাটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল। বিজয় হাজারে ট্রফিতে গ্রুপ পর্বে সবকটি ম্যাচই বেঙ্গালুরুতে খেলবে দিল্লি। বুধবার প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ অন্ধ্রপ্রদেশ।
জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া ট্রফিতে খেলা বাধ্যতামূলক করেছে বিসিসিআই। বিরাট অবশ্য স্রেফ প্রথম দু’টি ম্যাচে খেলবেন। দিল্লিকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। এছাড়া দলে আছেন ইশান্ত শর্মা, নবদীপ সাইনি। উল্লেখ্য, টেস্ট এবং টি-২০ ফরম্যাট থেকে অবসর নিলেও ওডিআই’তে খেলা চালিয়ে যাচ্ছেন বিরাট। আসলে ২০২৭-এর ওয়ান ডে বিশ্বকাপকে পাখির চোখ করেছেন তিনি। ব্যাট হাতে অনবদ্য ফর্মেও রয়েছেন ভিকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু’টি সেঞ্চুরি সহ তিন ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৩০২ রান। তবু তাঁর সাফল্যের খিদে কমেনি এতটুকু। মুম্বইয়ের আলিবাগে রিলায়েন্স জিও স্টেডিয়ামে অনুশীলন সেরেছেন জোরকদমে। নেটে তাঁকে বল করার অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন উঠতি পেসার ঋত্বিক পাঠক। বল এবং আই ফোনের ব্যাক কভারে বিরাটের আটোগ্রাফের ছবি পোস্ট করে ২১ বছরের বোলার লেখেন, ‘ফোনটা হয়তো সারাজীবন থাকবে না। তবে ভিডিও এবং ছবি থেকে যাবে। ৩ দিন বিরাট ভাইকে নেটে বোলিংয়ের অভিজ্ঞতা দারুণ। এই সুযোগ পেয়ে আমি ধন্য।’