Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

আমাকে খুনের চক্রান্ত করেছিল খামেনেই, সরিয়ে দিয়েছি: ট্রাম্প, ৪-৫ সপ্তাহ ইরানে হামলা চালিয়ে যেতে পারে আমেরিকা

মার্কিন-ইজরায়েল হামলায় বিধ্বস্ত ইরান। মৃত্যু হয়েছে সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেইয়ের। ঘটনার ৪৮ ঘণ্টা পেরোতে না পেরোতেই বিস্ফোরক দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আমাকে খুনের চক্রান্ত করেছিল খামেনেই, সরিয়ে দিয়েছি: ট্রাম্প, ৪-৫ সপ্তাহ ইরানে হামলা চালিয়ে যেতে পারে আমেরিকা
  • ৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: মার্কিন-ইজরায়েল হামলায় বিধ্বস্ত ইরান। মৃত্যু হয়েছে সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেইয়ের। ঘটনার ৪৮ ঘণ্টা পেরোতে না পেরোতেই বিস্ফোরক দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ‘আমাকেও হত্যার চেষ্টা করেছিল খামেনেই।’ তাঁর কটাক্ষ, ‘ওরা দু’বার ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে। আমি একবারেই শেষ করে দিয়েছি।’ 

Advertisement

২০২৪ সালে দু’বার ট্রাম্পকে হত্যার অভিযোগ ওঠে। সে বছর জুলাই মাসে পেনসিলভানিয়ায় এক সমাবেশে তার কানে গুলি লাগে। এর কয়েকমাসের মধ্যেই ওয়েস্ট পাম বিচে গলফ খেলার সময় এক ব্যক্তি তাঁর দিকে রাইফেল তাক করায় গ্রেপ্তার হয়। পরে ২০০৮ সালে আমেরিকা থেকে বহিষ্কৃত আফগান নাগরিক ফারহাদ শাকেরির বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড তাঁকে ট্রাম্পকে হত্যার চক্রান্তে যুক্ত করেছিল। মার্কিন বিচার বিভাগ তাঁকে ইরানের এজেন্ট বলেও উল্লেখ করে। ফের সেই প্রসঙ্গ উল্লেখ করে মৃত খামেনেইকে তোপ দেগেছেন ট্রাম্প। তাঁকে ‘রক্তখেকো’ বলেও কটাক্ষ করেছেন। ট্রুথ সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প বলেন, খামেনেইয়ের মৃত্যুতে শুধু ইরান নয়, বিশ্বের বহু দেশের মানুষ ন্যায়বিচার পেয়েছেন।  
মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে অভিযান আরও দীর্ঘায়িত করা হবে। তিনি বলেন, ৪৯ জন ইরানি নেতার মৃত্যু হয়েছে। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত চাপ অব্যাহত থাকবে। ট্রাম্পের দাবি, মার্কিন বাহিনীর কাছে পর্যাপ্ত অস্ত্র ও রসদ রয়েছে। যাতে আগামী চার-পাঁচ সপ্তাহ ধরে হামলা চলতে পারে। প্রয়োজনে ইরানে পদাতিক সেনা নামানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। ট্রাম্পের মতে, ইরানে এখনও আমেরিকা বড়ো হামলার পথে হাঁটেনি। তা দ্রুত ঘটবে। যদিও তিনি স্বীকার করেছেন, অভিযান জারি থাকলে ক্ষয়ক্ষতি বাড়বে মার্কিন সেনারও। তাঁর মতে, ইরানের নেতৃত্ব কাঠামো বদলালে পরিস্থিতি বদলাতে পারে। আন্তর্জাতিক মহলে ট্রাম্পের এহেন মন্তব্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদি সংঘাত জ্বালানি বাজারে প্রভাব ফেলবে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে বড় আকারের আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ট্রাম্প জোর দিয়ে বলছেন, এই অভিযান পরিকল্পিত। তিনি ইজরায়েলের সহযোগিতার কথাও উল্লেখ করেন। 

সম্পর্কিত সংবাদ