নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: দুর্ঘটনা এবং যানজট কমাতে ১২ নম্বর জাতীয় সড়কে দুটি নতুন ফ্লাইওভার তৈরি হতে চলেছে উত্তর দিনাজপুর জেলায়। তারমধ্যে একটি কানকি এবং দ্বিতীয়টি তৈরি হবে ওই জাতীয় সড়কেরই পাঞ্জিপাড়া এলাকায়। বুধবার দিল্লিতে সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রকের মন্ত্রী নীতিন গাদকরির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল। তিনি ফোনে জানান, কানকি ও পাঞ্জিপাড়ায় দুটি নতুন ফ্লাইওভার ছাড়াও আরও তিনটি প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রীকে জানানো হয়েছে। ১২ নম্বর জাতীয় সড়কে ডালখোলা থেকে দুর্গাপুর রাজবাড়ি গেট পর্যন্ত হাইমাস্ট লাইট লাগানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সেইসঙ্গে ডালখোলা থেকে ইসলামপুরগামী জাতীয় সড়কে হাইমাস্ট লাইট লাগানোর প্রয়োজনীয়তার কথা জানানো হয়েছে। রায়গঞ্জ বাইপাসে চাপদুয়ার এলাকায় জাতীয় সড়কের সঙ্গে একটি সংযোগকারী রাস্তা বা আন্ডারপাস তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীকে।



