Bartaman Logo
৩০ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কালিয়াগঞ্জ পুরসভা: চেয়ারম্যানের ইস্তফার পর আজ বোর্ড মিটিং, সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে জল্পনা

কালিয়াগঞ্জ পুরসভায় চেয়ারম্যান পদ থেকে বিশ্বজিৎ কুণ্ডু ইস্তফা দেওয়ার পর কে হবেন নতুন চেয়ারম্যান সেই জল্পনার মাঝেই আজ, দুপুরে পুরসভায় বোর্ড মিটিং হবে।

কালিয়াগঞ্জ পুরসভা: চেয়ারম্যানের ইস্তফার পর আজ বোর্ড মিটিং, সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে জল্পনা
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০

সংবাদদাতা, কালিয়াগঞ্জ: পুরসভার অচলাবস্থা কাটাতে দু’বার বাতিলের পর অবশেষে বোর্ড মিটিং হতে চলেছে আজ, শনিবার। কালিয়াগঞ্জ পুরসভায় চেয়ারম্যান পদ থেকে বিশ্বজিৎ কুণ্ডু ইস্তফা দেওয়ার পর কে হবেন নতুন চেয়ারম্যান সেই জল্পনার মাঝেই আজ, দুপুরে পুরসভায় বোর্ড মিটিং হবে।  

Advertisement

বিশ্বজিৎবাবু বলেন, আমি আগেই বোর্ড মিটিং ডেকেছিলাম। তা পিছিয়ে শনিবার বোর্ড মিটিং হবে। সেখানে তৃণমূলের পাশাপাশি বিজেপির কাউন্সিলাররাও উপস্থিত থাকবেন। বোর্ড নিয়ে আগামী সিদ্ধান্ত সেখানেই হবে।  
রাজ্যে পালাবদল হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পদত্যাগ করেছেন তৃণমূলের দখলে থাকা পুরসভার কাউন্সিলার ও চেয়ারম্যানরা। কালিয়াগঞ্জ পুরসভাতেও তাই হল। রাজ্যে পালাবদলের পর আচমকাই বোর্ড মিটিং ডাকেন কালিয়াগঞ্জ পুরসভায় চেয়ারম্যান। মিটিংয়ের দিন পরিবর্তন করে ঘোষণা করেন তিনি পদত্যাগ করেছেন। আরেক বার বৈঠক ডেকেও তা বাতিল করেন। অবশেষে আজ, শনিবার হবে সেই বোর্ড মিটিং। 
শুক্রবার দুপুরে পুরসভায় গিয়ে দেখা যায় অন্য দিনের তুলনায় ভিড় অনেকটাই কম কালিয়াগঞ্জ পুরসভায়। বিশ্বজিৎবাবুকে দেখা গেলেও অন্য কাউন্সিলারদের দেখা যায়নি। বিশ্বজিৎবাবু বলেন, আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। বোর্ড মিটিংয়ে আমার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে। ততদিন আমি দায়িত্ব সামলে দিচ্ছি। রাজ্যে পালাবদল হয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূলের প্রতিনিধি হয়ে পুরসভা চালানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই দায়িত্ব থেকে সরে যাচ্ছি। এরপর এই পুরসভা কীভাবে সচল থাকবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ১৭ জন কাউন্সিলার নিয়ে এই পুরসভা। ১০ জন তৃণমূলের এবং বাকি সাত জন বিজেপির। তবে কী ফের নতুন মুখ আনবে তৃণমূল? দলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগারওয়াল বলেন, আমি চেয়ারম্যানকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বলেছি। শনিবার বোর্ড মিটিংয়ের পর তৃণমূলের কাউন্সিলারদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কাউন্সিলাররা বোর্ড মিটিংয়ে দলের প্রতিনিধি কে চেয়ারম্যান করতে প্রস্তাব নাও দিতে পারেন। সেক্ষেত্রে বোর্ডের দখল নিতে পারে বিজেপি।  যদিও এব্যাপারে বিজেপি কাউন্সিলার গৌরাঙ্গ দাস বলেন, কালিয়াগঞ্জ পুরসভায় অচলাবস্থা তৈরি করে নাগরিক পরিষেবা থমকে দেওয়া যাবে না। যা সিদ্ধান্ত তা বৈঠকে নেওয়া হবে। 

সম্পর্কিত সংবাদ