সংবাদদাতা, কাকদ্বীপ: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল কাকদ্বীপের এক বাসিন্দার। মৃত যুবকের নাম রামকৃষ্ণ বিশ্বাস (৩২)। বাড়ি কাকদ্বীপের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোবিন্দপুর। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামকৃষ্ণ কেরলে গিয়ে একটি ট্রলারে কাজ করতেন।
শনিবার সকাল ১১টা নাগাদ ট্রলারটি মাছ ধরার জন্য সমুদ্রের দিকে যাচ্ছিল। মাঝপথে হঠাৎই ট্রলারের মেশিনের পাখায় জাল জড়িয়ে যায়। সেই সময় যুবক জালটি ছাড়ানোর জন্য সমুদ্রে নেমেছিলেন। তখনই একটি উত্তাল ঢেউ এলে তাঁকে আর দেখা যায়নি। দীর্ঘ সময় সমুদ্রে খোঁজাখুঁজির পর তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে।
রামকৃষ্ণের মাসি অমৃতা দাস বলেন, প্রায় একমাস আগে কেরলে কাজ করতে গিয়েছিলেন। ঘটনার দিন সকালেও পরিবারের সঙ্গে তাঁর মোবাইলে কথা হয়েছিল। আর মাত্র ১৫ দিন পর তাঁর বাড়িতে ফেরার কথা ছিল। কিন্তু তাঁর আগেই এই দুর্ঘটনা। রামকৃষ্ণের বাড়িতে বাবা, মা, স্ত্রী ও তাঁর ছোট একটি মেয়ে রয়েছে। তাঁর এই মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে গিয়েছে গোটা পরিবার। ফাইল চিত্র