Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

পাক ভ্লগারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল জ্যোতির

চরবৃত্তির অভিযোগে ধৃত ট্র্যাভেল ভ্লগার জ্যোতি মালহোত্রা সম্পর্কে নতুন তথ্য পেলেন তদন্তকারীরা। জ্যোতির ফোন পরীক্ষা করে জানা গিয়েছে, সে পাকিস্তানের এক জনপ্রিয় ইউটিউবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলত।

পাক ভ্লগারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল জ্যোতির
  • ২৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: চরবৃত্তির অভিযোগে ধৃত ট্র্যাভেল ভ্লগার জ্যোতি মালহোত্রা সম্পর্কে নতুন তথ্য পেলেন তদন্তকারীরা। জ্যোতির ফোন পরীক্ষা করে জানা গিয়েছে, সে পাকিস্তানের এক জনপ্রিয় ইউটিউবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলত। লাহোরের বাসিন্দা জিশান হুসেন নামে ওই পাক ভ্লগারের সঙ্গে কাজও করেছে জ্যোতি। মাসদুয়েক আগে শেষবার পাকিস্তানে ‘ঘুরতে’ গিয়ে জিশানকে মেসেজ করে ডেকে পাঠায় জ্যোতি। দু’জনে পাকিস্তানের কাটাসরাজ মন্দিরে দেখা করে। এরপর জিশান ও জ্যোতি দু’জনেই নিজেদের ইউটিউব চ্যানেল থেকে পাকিস্তানের প্রশংসা করে ভিডিও আপলোড করে। তদন্তকারীদের সন্দেহ, পাকিস্তানের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার জন্য লাস্যময়ী ভ্লগারের সঙ্গে জিশানকে দায়িত্ব দিয়েছিল আইএসআই। আর সেই দায়িত্ব পালনে জ্যোতিকে সাহায্য করেছে জিশান। একটি ভিডিওতে জিশানকে বলতে শোনা যায়, জ্যোতি শুধু ভারত নয়, পাকিস্তানেরও দূত। আটারি-ওয়াগা সীমান্তে সেনা মোতায়েন বা অন্য কোনও ‘সংবেদনশীল’ তথ্য জিশানকে জ্যোতি দিয়ে এসেছে কি না, তা এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এছাড়া জ্যোতি যখন দুই পাক গুপ্তচরের সঙ্গে দেখা করেছিলেন, তখনও জিশান উপস্থিত ছিলেন কি না, সেই বিষয়টিও দেখছেন তাঁরা। 

Advertisement

এদিকে, হিসার পুলিস, এনআইএর পর এবার জ্যোতিকে জেরা করল মধ্যপ্রদেশ পুলিসও। ভ্লগিংয়ের জন্য গত বছর মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দিরেও গিয়েছিল জ্যোতি। সেখানকার কোনও সে পাকিস্তানে পাচার করেছে কি না, তা জানতেই মধ্যপ্রদেশ পুলিসের একটি টিম হরিয়ানায় গিয়ে জ্যোতিকে জিজ্ঞাসাবাদ করে। তবে ধৃত ভ্লগার সেভাবে মুখ খুলতে চায়নি। উজ্জয়িনীর অতিরিক্ত পুলিস সুপার নীতেশ ভার্গব জানিয়েছেন, ভারতের অন্যতম প্রধান তীর্থক্ষেত্র হিসেবে প্রতি বছর বহু মানুষ প্রতিদিন মহাকালেশ্বর মন্দিরে যান। বিদেশ থেকেও প্রচুর ভক্ত আসেন। তাই মন্দিরের কোনও নকশা বা তথ্য জ্যোতি পাচার করেছে কি না, তা জানা প্রয়োজন। সেই কারণেই তাকে জেরা করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ